ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞাপন ও নাট্যশিল্পী পল্লব চক্রবর্তীকে একটি মাদক মামলায় বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
অবৈধভাবে তিন ক্যান বিয়ার রাখার মামলায় দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে তেজগাঁও থানা পুলিশ পল্লবকে কারাগারে আটক রাখার আবেদন করে।
মহানগর হাকিম আব্দুল মজিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ৬ সেপ্টেম্বর পল্লবের জামিন শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে রাজধানীর কাওরান বাজার ট্রাফিক সিগন্যাল থেকে পল্লবকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে তার গাড়িটি আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। কর্তব্যরত পুলিশ সদস্যরা পল্লবের গাড়িটি আটক করলে তিনি তাদের গালমন্দ করেন।
পরে পল্লবের গাড়ি তল্লাশি করে তিন ক্যান বিয়ার পাওয়া গেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক মো. রইসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্লবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২২৩৭ঘ.
bdnews24