পিরোজপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের কাছে মাটির নিচ থেকে বুধবার রাতে ৩২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার করা এসব গুলি সাব মেশিন গানের (এসএমজি) বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিয়ার রহমান।
তিনি জানান, কলেজের পার্শ্ববর্তী বাড়ির লোকজন সন্ধ্যায় লাউগাছ রোপনের জন্য মাটি খুঁড়ছিলেন। এ সময় প্লাস্টিকের একটি বোতল উঠে আসে। ওই বোতলে তেলে ভেজানো বেশ কিছু গুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা।
ওসি জানান, উপপরিদর্শক (এসআই) তাপস সরকার ঘটনাস্থলে গিয়ে গুলিসহ বোতলটি থানায় নিয়ে আসেন। এসব গুলি কারা কেন সেখানে পুঁতে রেখেছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.
bdnews24