ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায় জাতীয় ঈদগাহ ময়দানে।
ঈদের জামাত ও অন্যান্য অনুষ্ঠানসূচি চূড়ান্ত করতে বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম সচিব মামুনুর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম এম আফজাল এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। এ জামাত হবে সকাল আটটায়। এরপর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে একই স্থানে সকাল নয়টায়। একইসঙ্গে জাতীয় ঈদগাহেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, এবারের ঈদে বিভিন্ন কারাগারে ন্যুনতম অপরাধে আটক ৪০০ বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোন আশঙ্কা করা হচ্ছে কিনা -এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "এমন কোন আশঙ্কা এখনো নেই। তবে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোন অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১০৫ঘ.
bdnews24