২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসি বাসের দাবিতে রাজশাহীতে হরতাল, মিছিলে হামলা-ভাঙচুর

উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস চলাচল বন্ধের প্রতিবাদে রাজশাহীর চারঘাটে ছাত্র ঐক্য পরিষদের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 02:22 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

রাজশাহী, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস চলাচল বন্ধের প্রতিবাদে রাজশাহীর চারঘাটে ছাত্র ঐক্য পরিষদের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। বেসরকারি বাস শ্রমিকরা হরতাল সমর্থকদের মিছিলে হামলা, মাইক ও দোকান ভাঙচুর করেছে। এ জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস চলাচল বন্ধ এবং বিআরটিসি ডিপো রাজশাহী নগরী থেকে স্থানান্তরের দাবিতে জেলা সড়ক পরিবহন গ্র"প বুধবার বাস ধর্মঘট পালন করে। ওইদিন বিকেলে স্থানীয় প্রশাসন বাঘা-চারঘাট রুটে বিআরটিসির ডবল ডেকার বন্ধের ঘোষণা দিলে পরিবহন গ্র"প ধর্মঘট প্রত্যাহার করে নেয়। বিআরটিসি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চারঘাট ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে ওই এলাকার সাধারণ ছাত্ররা বৃহস্পতিবার উপজেলায় সকাল থেকে দুপুর হরতাল পালনের ঘোষণা দেয়। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ এবং কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। তিনি জানান, এ ঘটনায় পুলিশের আট সদস্য আহত হন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। চারঘাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। কয়েকজন স্থানীয় সাংবাদিক জানান, সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে ছাত্র-জনতা মিছিল বের করলে বাস শ্রমিকরা হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যা। এ সময় বাস শ্রমিকরা ওয়াদুদ নামের এক ব্যক্তির প্রসাধন সামগ্রীর দোকান ভাঙচুর ও তার ছেলে শিহাবকে মারধর করে। এরপর ব্যবসায়ীরা হরতালকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ শুরু করে। ছাত্র-জনতা ও ব্যবসায়ীরা চারঘাট বাজার চৌ-রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার সময় বাস শ্রমিকদের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এক পর্যায়ে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় উত্তেজিত ছাত্র-জনতা বাসস্ট্যান্ডে বাস মালিক সমিতির অফিস, সরকার এন্টারপ্রাইজের বাস এবং উপজেলা নির্বাহী অফিসারের গাড়িসহ ৫টি গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক মিজানুর রহমান ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দুপুর দেড়টার দিকে স্থানীয় সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হানুল হকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। চারঘাট বাজারে সংক্ষিপ্ত সমাবেশে রায়হানুল হক আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিআরটিসি বাস চালুর দাবি জানান। ছাত্র ঐক্য পরিষদের নেতা মিজান সাংবাদিকদের বলেন, বাস মালিক সমিতির কাছে বিআরটিসি জিম্মি হয়ে থাকবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিআরটিসি বাস চালু না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.