চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বৃহস্পতিবার নগরীর নাসিমন ভবনে বিএনপি'র কার্যালয়ে ছাত্রদলের দুই গ্র"পে সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছে।
দুপুরে 'তারেক জিয়ার মুক্তি দিবস' উপলক্ষে মহানগর ছাত্রদল আয়োজিত কর্মসূচি চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংগঠনের পাহাড়তলী ও রেয়াজুদ্দিন বাজার শাখার কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব অন্য নেতাদের নিয়ে পার্শ্ববর্তী মিলাদ মাহফিলে অংশ নিচ্ছিলেন।
উত্তেজিত ছাত্রদল কর্মীরা এক সাংবাদিককেও হেনস্তা করে। পরে ছাত্রদল ও বিএনপি'র সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক সংবাদকর্মী জানান, এক ছাত্রদলকর্মীর চেয়ারে বসা নিয়ে পাহাড়তলী ও রেয়াজুদ্দিন বাজার শাখার কর্মীরা হাতাহাতিতে লিপ্ত হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় চার থেকে পাঁচজন কর্মী আহত হন।
ওই সংবাদকর্মী আরও জানান, সংঘর্ষের ছবি তুলতে গেলে উত্তেজিত ছাত্রদল কর্মীরা দৈনিক যায়যায়দিনের ফটো সাংবাদিক মশিউর রহমান বাদলকে হেনস্তা করে এবং ক্যামেরায় তোলা ছবি মুছে দিতে বাধ্য করে।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদুল আলম রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেয়ারে বসা নিয়ে দলের জুনিয়র কর্মীদের মধ্যে 'শুধু হাতাহাতি' হয়েছে। এটি দলীয় কোন্দল নয় দাবি করে তিনি বলেন, পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে কর্মীরা শান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৯৫৪ঘ.
bdnews24