ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কল্যাণপুরে বৃহস্পতিবার সকালে বাসচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত খান মো. আলমগীর হোসেনের (৪৬) লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিরপুর থানার উপ-পরিদর্শক আবু বকর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে কল্যাণপুর থেকে সাইকেলে চেপে দারুসসালাম যাওয়ার পথে আজিমপুর থেকে মিরপুরগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়।
এই ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটি ভাংচুর করে। এসময় প্রায় এক ঘন্টা মিরপুর সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। ফলে বেশ যানজটের সৃস্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আবু বকর মিয়া জানান, বিক্ষুদ্ধ জনতার দ্বারা ক্ষতিগ্রস্ত বাসটিকে থানায় আনা হয়েছে। চালক এবং হেলপার পলাতক রয়েছে। ঘটনার পরপরই পুলিশ যাওয়ায় পরিস্থিতির বড় ধরণের কোনো অবনতি হয়নি।
আলমগীর হোসেন এলসটম ইলেকট্রনিক্স নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মকর্তা হিসেবে চাকরি করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24