ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোয়াইন ফ্লুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। শিক্ষার্থীরা মাস্ক পরে ক্লাশে গিয়েও স্বস্তি পাচ্ছেন না।
অনেক শিক্ষার্থীর অভিভাবক তাদের সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। তারা মনে করেন, এ সময়ে রমজান ও ঈদের আগাম ছুটি দেওয়াই নিরাপদ হবে।
ধানমন্ডির সানিডেল স্কুলের শিক্ষার্থী জাহিনের (৬) বাবা শহিদুল হক বলেন, "আমরা তো একটু ভয়ই পাচ্ছি। কারণ, শিশুরা তো আর বুঝবে না কার রোগ হয়েছে, আর কার হয়নি। তবে স্কুল বন্ধ না করা পর্যন্ত তো আর আমাদের করার কিছু নেই।"
একই কথা বলেন আরও কয়েকজন অভিভাবক।
যদিও সরকারের তরফে বলা হচ্ছে, সোয়াইন ফ্লু'র কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি।
ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোয়াইন ফ্লুর জন্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিগগিরই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।"
তিনি সর্দি-জ্বরের উপসর্গ বুঝে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে যোগাযোগ করতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন "কোন শিক্ষার্থীর বেশি সমস্যা দেখা দিলে চিকিৎসার জন্য সংশ্লিষ্ট অন্যান্য জায়গায় পাঠানো হবে।"
সোয়াইন ফ্লু আতঙ্কে কয়েকদিন আগে রাজধানীর দু'টি ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকাল ছুটি ঘোষণা করা হয়। অবশ্য পরে তা খুলে দেওয়া হয়।
সর্তকতায় বন্ধ করে দেওয়া স্কলাসটিকার উপাধ্যক্ষ ফারহানা আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্ধের পর প্রতিষ্ঠান আবার খোলা হয়, এখনো তা খোলা আছে।
মূলত এ দু'টি প্রতিষ্ঠান বন্ধের পর থেকেই অন্যান্য প্রতিষ্ঠানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে নিয়মিত ক্যালেন্ডার অনুযায়ী ইতোমধ্যে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি মাধ্যমিক শিক্ষকদের নেতা ইনছান আলী। ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে ৮ সেপ্টেম্বর।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো কোনও ধরনের পরিস্থিতি এখনও হয়নি। এ ধরনের নিদের্শনাও কোনও প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি।"
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেশে সোয়াইন ফ্লু পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেছিলেন, দেশে এখন পর্যন্ত সোয়াইন ফ্লু আক্রান্ত মোট ২৪৭ জনের সন্ধান পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখনও আতঙ্কজনক পর্যায়ে পৌঁছায়নি।
প্রাণঘাতী এ রোগটি গত এপ্রিলে মেক্সিকোয় প্রথম ধরা পড়লেও বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয় গত জুন মাসে। গত রোববার দেশে এ রোগে প্রথম কারও মৃত্যু হয়।
সোয়াইন ফ্লু'র ক্ষেত্রে বাংলাদেশ বিপদসীমার দ্বিতীয় পর্যায় (কান্ট্রি লেভেল-২) অতিক্রম করেছে জানিয়ে বিশেষজ্ঞরা ইতোমধ্যে বলেছেন, মহামারী পর্যায়ে না পৌঁছালেও এটা তার আগের অবস্থান।
গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশ্বে এ পর্যন্ত এ রোগে ২ হাজার ১৮৫ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা ২০ লাখের বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেএফ/এসআইটি/এসএইচ/ ১৯০২ ঘ.
bdnews24