সৈয়দ নাহাস পাশা, লন্ডন থেকে
লন্ডন, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকঅ্যাওয়ে খাবার পৌঁছে দেওয়ার সময় গত শুক্রবার যুক্তরাজ্যের শেফিল্ড নগরীতে ২৩ বছর বয়সী এক বাংলাদেশী রেস্তোরাঁ মালিক গুলিতে নিহত হয়েছেন।
তার নাম সফরাজুর রহমান জাহাঙ্গীর (সাজু)। পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
এ ঘটনায় তিন বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তিন ভাই। তাদের বিরুদ্ধে সাজু হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার তিন ভাই মহিম খান (৩৬), মুকিদ খান (৩৩) ও মুনায়েম খানকে (২৮) বুধবার শেফিল্ড ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়।
টেকঅ্যাওয়ে রেস্তোরাঁ মালিক সাজুকে প্রলুব্ধ করে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পর পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে। নগরীরর ডারনাল এলাকার বাসিন্দা সাজুর দেহে দুবার গুলি করা হয়।
সাজুর ভাই শাহীনূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় আমাদের পরিবার বিপর্যস্ত। সবার প্রতি সে ছিলো খুবই সদয়। সবাই তাকে ভালবাসতো। সে ছোট-বড় সবার সঙ্গেই মজা করতো ও হাসতো। এটা অবিশ্বাস্য যে কেউ তাকে কোনভাবে আঘাত করতে পারে।"
হিলসবরোর মিডলউড রোডে সাজুর 'স্পাইস হাট' নামে একটি টেকঅ্যাওয়ে রেস্তোরাঁ রয়েছে। এ খুনের ঘটনা তদন্তে নিয়োজিত গোয়েন্দারা জানান, তাকে হত্যার কিছুক্ষণ আগে স্পাইস হাট রোস্তোরাঁয় একটি ফোনকল আসে। এটি ছিলো একটি ভূয়া টেকঅ্যাওয়ে অর্ডার। সাজু যখন খাবার পৌঁছে দিতে শায়ারক্লিফের স্ক্রেইথ উড ড্রাইভে যায় তখন খুনীরা আগে থেকেই সেখানে ওঁত পেতে ছিলো।
সাজু তার ভক্সল কোরসা গাড়ীতে করে খাবার পৌঁছে দিতে সেখানে যাওয়ার পরপর চালকের পাশের জানালা দিয়ে খুব কাছে থেকে তাকে দুবার গুলি করা হয়। পুলিশ বলছে 'পরিকল্পিতভাবে' তার উপর হামলা চালানো হয়।
এ খুনের ঘটনা তদন্তে নেতৃত্বদানকারী ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট পিটার ম্যাকগিনেস বলেন, "আমাদের ধারণা একটি বন্দুক ব্যবহার করে খুব কাছে থেকে দুবার তাকে গুলি করা হয়। ওইসময় সাজু হয় স্থির ছিলো অথবা ধীরগতিতে যাচ্ছিলো। এটি গাড়ীতে করে এসে গুলি করে হত্যার ঘটনা নয়। পরিকল্পিতভাবে সাজুকে প্রলুব্ধ করে এখানে নিয়ে এসে তার উপর হামলা চালানো হয়।"
লাশের ময়নাতদন্তে দেখা যায়, দুটি গুলির আঘাতে সাজুর মৃত্যু হয়েছে।
সাজুর ভাই শাহীনূর জানান, কিছু বাংলাদেশী ও পাকিস্তানি লোক তাকে অনবরত হয়রানী করে আসছিলো। গত বছর রোস্তোরাঁর বাইরে সাজুর উপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
এই হত্যাকান্ডের পর পুলিশ শনিবার সকালে শেফিল্ডের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে ওই তিন ভাইকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় মঙ্গলবার সন্ধ্যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/ ১১৪৫ ঘ.
bdnews24