২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবিক বিবেচনায় আজাদকে দেখতে গিয়েছি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আজাদ গ্র"পের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মুক্তি পাওয়ার এক ঘন্টার মধ্যেই তাকে দেখতে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজাদের বিরুদ্ধে গ্রান্ড আজাদ হোটেলে একজন পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ ও রাষ্ট্রের দায়ের করা একটি প্রতারণা মামলা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 05:20 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজাদ গ্র"পের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মুক্তি পাওয়ার এক ঘন্টার মধ্যেই তাকে দেখতে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজাদের বিরুদ্ধে গ্রান্ড আজাদ হোটেলে একজন পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ ও রাষ্ট্রের দায়ের করা একটি প্রতারণা মামলা রয়েছে। দুটি মামলায় জামিনের পর বুধবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে ছাড়া পান। রাষ্ট্রের দায়ের করা মামলার অভিযুক্তকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেখতে যাওয়ার ঘটনা মামলাকে প্রভাবিত করবে কিনা জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ পরিদর্শক গোলাম সারওয়ারকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় আজাদের উপর পুলিশ নির্যাতন করেছে এমন খবরও পত্রিকায় বেরিয়েছে। তাই মানবিক বিবেচনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজাদকে দেখতে যেতেই পারেন। এটি মামলাকে প্রভাবিত করবে না। কিন্তু রাষ্ট্রের দায়ের করা অপর মামলার অভিযুক্তকে দেখতে যাওয়াটা কতটুকু সঙ্গত হয়েছে, সেই প্রশ্ন তোলা যেতেই পারে।" স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বুধবার রাত আটটার দিকে আজাদের পরিবাগের ফ্ল্যাটে তাকে দেখতে যান। এ সময় তিনি সেদিনের ঘটনার বিবরণ শোনেন ও তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচারের আশ্বাসও দেন মন্ত্রী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটুক, এটা কারও কাম্য নয়। ছোটখাট বিষয় নিয়ে ফ্যাসাদ বাধানো কোন পক্ষেরই উচিত নয়। সব পরিস্থিতিতে সবারই সহনশীল হওয়ার প্রয়োজন রয়েছে।" প্রতিমন্ত্রী পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা যথারীতি আইন অনুযায়ী চলবে। মানবিক দিক বিবেচনা করে আমরা তাকে দেখতে গিয়েছি। বিচারে এর কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয়না।" আজাদ সাংবাদিকের কাছে দাবি করেন, ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। তিনি কাউকে মারধর করেননি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এর আগে বিকেল পাঁচটার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন সিআইডির পরিদর্শক গোলাম সারওয়ারকে দেখতে যান। তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে দেখা করে আজাদের মুক্তির দবি জানান ব্যবসায়ী নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/জিএমএ/এএনএস/এইচএ/