রাজশাহী, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে বুধবার সকালে শুরু হওয়া অনির্দিষ্টকালের বাস ধর্মঘট বিকেলে প্রত্যাহার করা হয়েছে।
উপজেলা পর্যায়ে বিআরটিসির দোতলা বাস চলাচল বন্ধ এবং জেলা বিআরটিসি বাস টার্মিনাল মহানগরী থেকে স্থানন্তরের দাবিতে মঙ্গলবার এ ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন গ্র"প।
বুধবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন ও বেসরকারি বাস মালিকদের এক সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সভায় জেলা প্রশাসক শেফাউল করিম, মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) সরদার নুরুল আমিন, পুলিশ সুপারিনটেনডেন্ট মাসুম রব্বানীসহ পরিবহন মালিক-শ্রমিক যৌথ সংগ্রাম পরিষদ নেতৃরা উপস্থিত ছিলেন।
জেলা সড়ক পরিবহন গ্র"পের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ নেতাদের সঙ্গে প্রশাসনের ফলপ্রসু আলোচনার পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।"
সভায় উপজেলা রুটে বিআরটিসির দোতলা বাস চলাচল বন্ধসহ অন্যান্য দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
ধর্মঘটের কারণে রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ থাকায় অসহনীয় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের কোনো বাস না চলায় প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/২১৪০ ঘ.
bdnews24