২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে বাংলাদেশের বিরোধিতা ছিলো 'দুঃখজনক ভুল': মরিয়ার্টির ইঙ্গিত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ইঙ্গিত দিয়েছেন যে, তার দেশ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে 'দুঃখজনক ভুল' করেছিলো। তিনি বলেন, "সিনেটর কেনেডি ১৯৭০ ও ১৯৭১ সালে আমার দেশকে একটি দুঃখজনক ভুল শোধরাতে সহায়তা করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ইঙ্গিত দিয়েছেন যে, তার দেশ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে 'দুঃখজনক ভুল' করেছিলো। তিনি বলেন, "সিনেটর কেনেডি ১৯৭০ ও ১৯৭১ সালে আমার দেশকে একটি দুঃখজনক ভুল শোধরাতে সহায়তা করেছিলেন। স্বাধীনতা যুদ্ধ শেষে দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা তা ব্যক্ত করেছি। আপনাদের সবার তা মনে আছে। "বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম।" বুধবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডির উপর এক আলোচনায় অংশ নেওয়ার পর মরিয়ার্টি সাংবাদিকদের এসব কথা বলেন। তবে তিনি সরাসরি একথা বলেননি যে বাংলাদেশ বিষয়ে তার দেশের নীতি ভুল ছিলো। এ প্রসঙ্গে মার্কিন দূত বলেন, "রাষ্ট্রদূতরা কখনো বলেন না যে তার দেশ দুঃখজনক ভুল করেছিলো। তারা শুধুমাত্র এর ইঙ্গিত দেন।" এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ওই সময় ভারত এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন সরাসরি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছিলো। যুক্তরাষ্ট্র ১৯৭২ সালের ৪ এপ্রিল বাংলাদেশকে স্বীকৃতি দেয়। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিক্সন প্রশাসন পাকিস্তানের পক্ষ নিলেও বাংলাদেশকে সমর্থন করেছিলেন আরেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছোট ভাই এডওয়ার্ড কেনেডি। নয় মাসব্যাপী ওই যুদ্ধের সময় তিনি ভারতের পশ্চিমবঙ্গের শরণার্থী শিবির পরিদর্শন করেন। প্রায় ৯ লাখ বাংলাদেশী শরণার্থীর দুর্দশা সম্পর্কে এ সময় তিনি মার্কিন সিনেটে অত্যন্ত মর্মস্পর্শী প্রতিবেদন জমা দেন। 'পূর্ববঙ্গে সন্ত্রাসের রাজত্ব চলছে' মন্তব্য করেছিলেন এডওয়ার্ড কেনেডি। সেইসঙ্গে সেখানে মানবিক ও রাজনৈতিক দুর্দশার জন্য পশ্চিম পাকিস্তানের (ইসলামাবাদ) প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন 'দুষ্কর্মে সহযোগিতা করার চেয়ে কোনও অংশে কম নয়' বলেও কড়া বক্তব্য দিয়েছিলেন। শরণার্থীদের প্রতি বিশ্বের মনোযোগ আকৃষ্ট করা এবং তাদের সাহায্যের ব্যবস্থা করারও চেষ্টা নেন তিনি। ১৯৭২ সালে কেনেডি সদ্য জন্ম নেওয়া বাংলাদেশে আসেন। এখানে তিনি একটি শোভাযাত্রায় অংশ নেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএএইচ/এএনএস/এইচএ/২১০০ঘ.