সাভার, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকালে সাভারের গেন্ডা এলাকায় দুইটি স্যুয়েটার কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
ঢাকা সুয়েটার গ্র"প'র মালিকানার ডায়নামিক স্যুয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সুয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের এ দু'টি কারখানা একই ভবনে অবস্থিত।
কারখানার শ্রমিক রুবেল, রাজু, আজাহার নুরুল আলমসহ আরও কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩/৪ মাস ধরে কর্তৃপক্ষ তাদের মজুরি কম দিচ্ছিল। মজুরি বৃদ্ধির কথা কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ এবং ভবনের নিচতলায় জানালার কাচ ভাঙচুর করে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্যাহ বলেন, শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা এখানে চাকরি নিয়েছে। তারাই এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তবে পুলিশ আসার পর পরিস্থিতি শান্ত হয়েছে।
পুলিশের হস্তক্ষেপে দুপুরের পর থেকে কারাখানায় আবার কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।
ঢাকা সুয়েটার গ্র"প'র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন খান সাংবাদিকদের জানান, শ্রমিকরা ভবনের নিচতলার ফ্লোরে পানি ছেড়ে দেয় এবং কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24