সাভার, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে প্রথম মারা যাওয়া সাভারের মিতা চক্রবর্তীর বাড়িতে চলছে এখন শোকের মাতম।
এদিকে মিতার মৃত্যুর পর সাভার উপজেলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ১৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা ঘরে ঘরে গিয়ে সোয়াইন ফ্লু রোগের লক্ষণ সর্ম্পকে লোকজনকে ধারণা দিচ্ছেন।
তিনি আরও জানান, সোয়াইন ফ্লু রোগে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রোববার সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোয়াইন ফ্লু আক্রান্তদের জন্য দু'টি বেড চালু করা হয়েছে।
ঢাকার ল্যাব এইড হাসপাতাল থেকে মিতার মরদেহ লাশ রোববার রাত একটার দিকে তার বাড়িতে আনা হয়। খবর পেয়ে সোয়াইন ফ্লু আতংক উপেক্ষা করেই এলাকার মানুষ মধ্যরাতে ছুটে যায় মিতাকে এক নজর দেখতে।
এ সময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। বাড়িতে কিছু সময় মৃতদেহ রাখার পর তাড়াহুড়া করে রাত দেড়টার দিকে সাভার নামাবাজারের শ্মশানে মিতার মৃতদেহের সৎকার করা হয়।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা এলাকায় সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছেন। এছাড়া পৌরসভার পক্ষ থেকে মঙ্গলবার থেকে এলাকায় সোয়াইন ফ্লু সর্ম্পকে জনসচেতনতা তৈরির জন্য প্রচার শুরু হবে।
স্ত্রীকে হারিয়ে হতবিহ্বল স্বামী তাপস চক্রবতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১০ আগস্ট প্রথমে মিতা জ্বরে আক্রান্ত হন। প্রাথমিক চিকিৎসায় জ্বর না কমা এবং ১৫ আগস্ট রাতে বমি হওয়ার কারণে ওইরাতেই তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বলেন, রোগীর 'ব্লাস্ট এ্যাপেন্ডিকস' হয়েছে।
তিনি বলেন, "এর কিছুক্ষন পরই আরেক চিকিৎসক বলেন, রোগী 'লিভার সিরোসিস' রোগে আক্রান্ত। রাতেই মিতাকে ১৪/১৫ টি ইনজেকশন দেওয়া হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হওয়ায় পরদিন তাকে ঢাকায় ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে।"
তাপস আরও বলেনন, "চিকিৎসার পর মিতা ২২ আগস্ট ডেঙ্গুমুক্ত ও সুস্থ হয়ে উঠেন। কিন্তু ২৫ আগস্ট তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ড গঠন এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করে মিতা সোয়াইন ফ্লুতে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়।"
তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রোববার রাত সাড়ে ১০ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মিতা।
মিতার দুই ছেলে। বড় ছেলে বিক্রম বিবেক চক্রবর্তী সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। ছোট ছেলে দিব্য চক্রবর্তী সাভার ব্যাংক কলোনীর শাহীন একাডেমীর প্রথম শ্রেণীর ছাত্র।
বড় ছেলে বিক্রম মাকে হারিয়ে বাকরুদ্ধ। আর ছোট ছেলে দিব্য এখনও বুঝতেই পারেনি, তার মা আর নেই।
মিতা চক্রবর্তী রাজবাড়ী জেলার সদর থানার বানিবহ এলাকার যাদব চন্দ্র ভৌমিকের বড় মেয়ে। ১৯৯৫ সালে সাভার উত্তর পাড়া মহল্লার ধীরেণ চক্রবর্তীর মেঝ ছেলে তাপস চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয়।
মিতা ল্যাব এইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেন চক্রবর্তীর ছোট ভাই তাপস চক্রবর্তীর স্ত্রী।
এদিকে সোয়াইন ফ্লু রোগে আক্রান্ত হয়ে মিতার মৃত্যুর খবরে সাভারে সাধারণ মানুষের মধ্যে এক ধরণের আতংক তৈরি হয়েছে।
বর্তমানে জ্বরে আক্রান্ত বেশিরভাগ মানুষই এ খবর শোনার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ছুটে যাচ্ছেন। এছাড়া সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যেও সোয়াইন ফ্লু আতংক ছড়িয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/০১০২ ঘ.
bdnews24