ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং শাখার অতিরিক্ত সচিব শহীদুল হকের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছে।
শহীদুল হকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ব্যারিস্টার কে এম মাসুমের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি ওবায়দুল হাসান শাহীনকে নিয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
সরকারের মন্ত্রিপরিষদ সচিব, সংস্থাপন সচিব, আইন সচিব ও শহীদুল হককে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার ব্যারিস্টার মাসুদ হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন।
আবেদনে বলা হয়, ১৯৯৮ সালে আইন মন্ত্রণালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং ড্রাফটিং নামের দু'টি আলাদা বিভাগ করা ও দুই বিভাগে দু'জন সচিব থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়। ২০০৭ সালের ২৮ জুন সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ের এই সংস্কার না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব পদে নিয়োগ স্থগিত রাখার পক্ষে মত দেয়।
রিট আবেদনে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের এই মতামত লঙ্ঘন করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গত বছরের ১১ নভেম্বর যুগ্ম সচিব থেকে শহীদুল হককে ড্রাফটিং শাখার অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হয়।
রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার বেলায়েত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২২২৬ঘ.
bdnews24