পাবনা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাস চাপায় এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্ররা সোমবার সকালে শহরে ব্যাপক ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ২০ জন আহত হয়।
ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের বাস-ট্রাক ধর্মঘট শুরু করেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার সন্ধ্যায় এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সেলিম হাসান (২২) বাস চাপায় মারাত্মক আহত হন। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোববার বিকেলে তিনি মারা যান। এতে কলেজের ছাত্ররা সোমবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে ব্যাপক ভাঙচুর চালায়।
ওসি বলেন, ছাত্ররা পাবনা-৫ (সদর) আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকারের প্রাইভেটকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবিরের সরকারি গাড়ি, তিনটি বাস, চারটি মাইক্রোবাস, পুলিশের একটি গাড়ি, আটটি টেম্পো, ১৭টি ট্রাক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, পুলিশ লাইনে অবস্থিত পাবনা কনজুমার সোসাইটিসহ বিভিন্ন ধরনের অর্ধশত গাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকান ভাঙচুর করে।
এ সময় মোটর শ্রমিক ও পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়।
এ ঘটনায় চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও তাদের এখনও গ্রেপ্তার দেখানো হয়নি। তাদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান ওসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে দাঙ্গা পুলিশসহ বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক বেবী ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুচ্ছ ঘটনায় ছাত্ররা যেভাবে তাণ্ডব চালিয়েছে তা নজিরবিহীন। ছাত্ররা প্রকাশ্যে ৭০ থেকে ৮০টি গাড়ি ভাঙচুর করলেও প্রশাসন তাদের বাধা দিতে এগিয়ে আসেনি।
দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত সকল রুটে পরিবহন ধর্মঘট চলবে বলেও তিনি জানান।
পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের অযোগ্যতার কারণে এ ঘটনা ঘটেছে। গ্যাস আনতে গিয়ে ভাঙচুরের কবলে পড়ে তার গাড়ি।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা বেগম অযোগ্যতার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ছাত্রদের শান্ত করার চেষ্টা করেছি। যথাসময়ে পুলিশ না আসায় এ ঘটনা ঘটেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24