মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারের ই-গভর্ন্যান্সে সহায়তায় সংস্থাপন, শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তিন হাজারের বেশি ল্যাপটপ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও থানা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক বিদ্যালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদে এসব ল্যাপটপ ব্যবহৃত হবে বলে জানান ইসি সচিব।
ইসির দেওয়া এসব ল্যাপটপের প্রায় অর্ধেক মঙ্গলবার বিতরণ শুরু হচ্ছে। এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ১৪১৪টি ল্যাপটপ বিতরণ করবেন।
নবম সংসদ নির্বাচনের আগে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজে ব্যবহৃত এসব ল্যাপটপ গত জুলাই মাসে মন্ত্রণালয়গুলোকে দেওয়া হয়েছে।
হুমায়ুন কবির বলেন, "নবম সংসদ নির্বাচনে ব্যবহৃত এসব ল্যাপটপ ই-গভর্ন্যান্সের সহায়তার জন্য তিন মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষে ইসির প্রয়োজন না হলে বিভিন্ন মন্ত্রণালয়কে আরও কিছু ল্যাপটপ দেওয়া হতে পারে।"
প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকাভূক্তির কাজে আট হাজারের বেশি ল্যাপটপ ব্যবহার করে ইসি।
গত ডিসেম্বরের মধ্যে আট কোটিরও বেশি ভোটারকে তালিকাভূক্ত করে একটি তথ্যভাণ্ডার তৈরি করে ইসি সচিবালয়। পরে গত জুন থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু করা হয়। নভেম্বর পর্যন্ত চার পর্বে দেশজুড়ে হালনাগাদের কাজ চলবে এবং ভোটার তালিকা আইন অনুযায়ী তা প্রতি বছর করার নিয়ম রয়েছে।
ইসি সচিব জানান, এখন ইসি প্রায় পাঁচ হাজার ল্যাপটপ দিয়ে কাজ চালাচ্ছে। ভোটার নিবন্ধনের প্রাথমিক কাজ হয়ে যাওয়ায় হালনাগাদে গত বারের চেয়ে কম ল্যাপটপ লাগছে। তাই সরকারের ই-গভর্ন্যান্সের কাজে সহায়তায় তিন হাজারেরও বেশি ল্যাপটপ দেওয়া সম্ভব হয়েছে।
জুলাই মাসে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ১৪১৪টি, সংস্থাপন মন্ত্রণালয়ের জন্য ছয় শতাধিক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য এক হাজারেরও বেশি ল্যাপটপ দিয়েছে ইসি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে রূপকল্প ২০২১ এ ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত জুন মাসে জানিয়েছিলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। ই-গভর্ন্যান্সকে ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বর্পূর্ণ অঙ্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেছিলেন, বর্তমান সরকার তার মেয়াদেই এটা করার সর্বোচ্চ চেষ্টা চালাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এসএইচ/২১১৬ ঘ.
bdnews24