বেনাপোল, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেনাপোলের অগ্রভূলোট সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। সোমবার ভোররাতে সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম এরশাদ আলী (৪৫)। তিনি যশোরের শার্শার খলসী গ্রামের হানেফ মণ্ডলের ছেলে।
২২ রাইফেলস ব্যাটালিয়নের অগ্রভূলোট বিওপি'র নায়েক সুবেদার হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল চেকপোস্টের ১৩ কিলোমিটার দক্ষিণে অগ্রভূলোট সীমান্তের বিপরীতে ভারতের বিএসএফ'র ঝাউডাঙ্গা ক্যাম্পের জওয়ানরা গরু ব্যবসায়ী এরশাদকে সোমবার ভোররাতে অপহরণ করে নিয়ে যায়।
এরপর বিএসএফ তাকে হত্যা করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়। এরশাদকে বিদ্যুৎস্পৃষ্ট করে মারা হয়েছে বলে দাবি করেন বিডিআর কর্মকর্তা।
এরশাদের বাবা হানেফ মণ্ডল জানান, স্থানীয় লোকজন সকালে এরশাদের লাশ দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০১৯ ঘ.
bdnews24