২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদস্যপদ বাতিল কেন হবে না জানতে চেয়ে সাংসদ শফিকুল আজমকে ইসির নোটিশ

ঝিনাইদহ-৩ আসনের সরকারদলীয় সাংসদ শফিকুল আজম খানের সংসদ সদস্য পদ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন । সোমবার তাকে এ নোটিশ দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (আইন) এন আই খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 11:45 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঝিনাইদহ-৩ আসনের সরকারদলীয় সাংসদ শফিকুল আজম খানের সংসদ সদস্য পদ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন । সোমবার তাকে এ নোটিশ দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (আইন) এন আই খান। তিনি বলেন, "নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে সাংসদকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।" নোটিশে বলা হয়, 'নবম জাতীয় সংসদে কেন আপনাকে সংসদ সদস্য পদে থাকিবার অযোগ্য ঘোষণা করিয়া গেজেট প্রকাশ হইবে না এই মর্মে অত্র নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবরে কারণ দর্শাইবার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হইল।' শফিকুল আজম খান মহেশপুর পৌরসভা মেয়র পদে থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। পৌরসভা মেয়র পদের মতো 'লাভজনক' পদে থেকে নির্বাচন করায় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তিনি সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের উপ-সচিব (আইন) এ কে এম সলিমুল্লাহ স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ সোমবার বিকেলে ডাকযোগে এই সাংসদের কাছে পাঠানো হয়। এ কে এম সলিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে ঝিনাইদহ-৩ আসনের সাংসদকে 'কারণ দর্শানো নোটিশ' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। নবম সংসদ নির্বাচনে 'লাভজনক' পদে থেকে বেশ ক'জন প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগের শফিকুল আজম খান, জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সাংসদ বেগম নাসরিন জাহান রতনা (পৌর মেয়র) ও নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কবিরুল হক (পৌর মেয়র) নির্বাচিত হন। এর মধ্যে বেগম নাসরিন জাহান রতনা ও কবিরুল হক -এর বিষয়ে আদালতে মামলা থাকায় তাদের এখনও নোটিশ দেওয়া হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। যে কারণে নোটিশ ঝিনাইদহ-৩ সংসদীয় এলাকার মহেশপুর পৌরসভার মেয়র পদে থেকে নবম সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেন শফিকুল আজম খান। রিটার্নিং অফিসার গত বছরের ৪ ডিসেম্বর তার মনোনয়ন বৈধ ঘোষণা করলে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাতুয জুম্মা এর বিরুদ্ধে ইসিতে আপিল করেন। 'লাভজনক' পদ হওয়ায় হাইকার্ট বিভাগের (রিট পিটিশননং ৯১২৪/০৮) এক আদেশে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২(১)সি অনুযায়ী মেয়র পদটি সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য বিবেচিত হয়। কিন্তু ৪ ডিসেম্বর ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার এক আবেদনে (সিএমপি নং ৯৮১/০৮) এ রায়ের কার্যকারিতা স্থগিত করেন আদালত। একই সঙ্গে মুন্সিগঞ্জের পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুর রহমানের দায়ের করা রিটের রায়ের কার্যকারিতা আপিল বিভাগ স্থগিত করেন। আপিল বিভাগের নির্দেশনা অনুসারে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র পদ লাভজনক হলেও সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরে সাদেক হোসেন খোকা তার আবেদনের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় চলতি বছরের ২৬ এপ্রিল তা খারিজ হয়ে যায়। এর ফলে হাইকার্ট বিভাগের রায় বহাল থাকে যাতে লাভজনক পদে থেকে সংসদ নির্বাচনে প্রার্থিতা অযোগ্য ঘোষণা করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১) সি তে বলা হয়েছে, প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনও লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তিনি সংসদ সদস্য হওয়ার বা থাকার অযোগ্য হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/১৮০০ ঘ.