নরসিংদী/গাজীপুর, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নরসিংদীর পলাশ উপজেলার গালিবপুর গ্রামে রোববার রাতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের আন্ধামানিক গ্রামে সোমবার গভীর রাতে খুন হয়েছেন এক নারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: নিহতের নাম- সামসুল হক (৪৫)। আহত জহিরুল হককে (২০) রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ নজরুল (২৫) এবং মনির (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
নরসিংদীর পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মোহাম্মদ আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেশী মনিরের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রোববার রাতে তারাবিহ'র নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে সামসুল হক ও তার ছেলে জহিরুলকে প্রতিপক্ষ দা দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই সামসুল হক মারা যান। জহিরুল মারাত্মকভাবে আহত হন।
গাজীপুর: নিহত সাহতন্নেছা মৌচাক ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের শুকুর আলীর স্ত্রী। তিনি বিগত ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া তিনি সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্যও ছিলেন।
ঘটনায় জড়িত সন্দেহে রাতেই আরিফ নামের এক যুবককে আটক করেছে বলে সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমীর হোসেন।
নিহতের ছেলে শাহীন জানান, তার মা-বাবা আন্ধারমানিক এলাকার তারা মিয়ার বাড়িতে ভাড়া থেকে পাশেই তাদের নির্মাণাধীন বাড়ির কাজ তদারকি করতেন।
তিনি বলেন, "সোমবার রাত পৌনে ১টার দিকে বাবা ঘর থেকে বাবা বাইরে বের হলে ৫-৭ জন যুবক তাকে অস্ত্রের মুখে আটকে রাখে। এ সময় আরও কয়েকজন ঘরে ঢুকে মাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার পর চলে যায়।"
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাহাতন্নেছার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
এ ঘটনায় সোমবার দুপুর ২টা পর্যন্ত মামলা হয়নি বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ এজে/এমএসবি/ ১৭৪৪ ঘ.
bdnews24