ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০১১ সাল নাগাদ জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে কমপক্ষে ২,২৫২ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে বলে জানিয়েছে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। (বিস্তারিত)
রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কর্মকর্তারা জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ৭৫২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।
এই উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সারা দেশে বিরাজমান লোডশেডিং কিছুটা কমাবে বলে কর্মকর্তা জানান।
জাতীয় সংসদ ভবনে বৈঠকের পর কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া সাংবাদিকদের বলেন, "ডিসেম্বরের মধ্যে ৭৫২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যোগ হবে। এছাড়া ২০১১ সালের মধ্যে আরো ১৫শ' মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইনে যোগ হবে।"
কমিটির সভাপতি বলেন, "সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে।"
তিনি বলেন, সরকার ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে নেওয়ার পর দৈনিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ আগের ৩,৭০০ মেগাওয়াট থেকে বেড়ে ৪,২৫০ মেগাওয়াটে দাঁড়িয়েছে।
সংসদীয় কমিটি বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরশক্তি, বায়ু ও জল স্রোতের মতো নবায়নযোগ্য শক্তির উৎস কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেছে বলেও সুবিদ আলী জানান।
তিনি বলেন, "নবায়নযোগ্য শক্তির উৎস থেকে আমাদের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে হবে। গ্যাস ও কয়লা শুধুমাত্র শিল্পক্ষেত্রে ব্যবহার হওয়া উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২৩০০ ঘ.
bdnews24