আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলীয়করণের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
রোববার গণফোরামের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ আহবান জানিয়ে বলেন, "এসব কাজ সংবিধান পরিপন্থী।"
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের কথা উল্লেখ করে ড. কামাল বলেন, "যারা মিথ্যা বলে জনগণ তাদের মেনে নেয় না। তারা (বিএনপি-জামায়াত জোট) তাদের সময়কার সন্ত্রাস ও দুর্নীতির কথা জাতির কাছে অস্বীকার করেছিল।"
দেশের জনগণের কল্যাণে সততা, ত্যাগ ও জনমুখী রাজনীতি বাধ্যতামূলক বলেও মন্তব্য করেন তিনি।
ড. কামাল বলেন, "বিচারবিভাগ পৃথক হলেও বাস্তবে এখনও তা কার্যকর নয়। সরকারের উচিত সংসদকে কার্যকর করার চেষ্টা করা।"
তিনি বলেন, "মৃত্যুর আগ পর্যন্ত আমি সত্য কথা বলে যাবো। আর্থ-সামাজিক উন্নয়নে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা তাদের পাশে আছি। আমি হত্যার শিকার হতে পারি। কিন্তু জাতিকে কেউ হত্যা করতে পারবে না।
"রাজনীতিকদের কথা ও কাজের ব্যবধান বন্ধে জনগণকে ঐকবদ্ধ হতে হবে। জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাধীনতা অর্জন করেছি।"
গণফোরাম সভাপতি বলেন, "আমাদের আপস করা উচিত নয়। সেটা করলে বঙ্গবন্ধু ও তাজউদ্দিন আহমেদকে জীবন দিতে হতো না। আমরা স্বৈরাচার আইয়ুব বা ইয়াহিয়ার সঙ্গে আপস করিনি, প্রতারণা করিনি জনগণের সঙ্গে।"
অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ এবং যানজট নিরসনে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।
'গোপনে' বঙ্গোপসাগরের গ্যাস ব্লক ইজারা দেওয়ারও সমালোচনা করেন তিনি।
বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, "পরিবর্তনের স্লোগান সব জায়গায় শোনা গেলেও বাস্তবে তা নেই। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে দিনবদল হবে না।"
নেতাদের ব্যর্থতা ও সীমাবদ্ধতাই রাজনীতির মান নিচে নামার কারণ বলে মন্তব্য করেন তিনি।
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য জনগণ আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটকে ম্যান্ডেট দিয়েছে। এখন তাদের তা বুঝে জনগণের ন্যূনতম চাহিদা পূরণ করতে হবে।
গণফোরামের নেতাকর্মীদের মূল্যবোধের জন্য তাদের অভিনন্দন জানিয়ে দলটিকে সততার বিচারে 'সবচেয়ে সফল' হিসেবে অভিহিত করেন মান্নান।
প্রধান দুই রাজনৈতিক দল জনগণকে অপহৃত দশায় নিয়ে গেছে বলে মন্তব্য করেন মণি সিং-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম।
তিনি বলেন, "এরশাদ রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করা শুরু করেন। আর একই প্রক্রিয়া অনুসরণ করছেন খালেদা ও হাসিনা। নির্বাচনী প্রতিশ্র"তি ভঙ্গ করছে সরকার।"
গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সাংসদ জামাল উদ্দীন বলেন,"জনগণের কাছে যাওয়ার জন্য প্রশাসন বিকেন্দ্রীকরণ বাধ্যতামূলক।"
১৯৯৩ সালের ২৬-২৮ আগস্ট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি সম্মেলন করার পর গণফোরাম প্রতিষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এজে/এসএইচ/২৩১৫ ঘ.
bdnews24