২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিএনপির ৫ সমর্থক হত্যা মামলার সব আসামি খালাস

ফেনীতে ২০০১ সালে বিএনপির পাঁচ সমর্থককে হত্যার আলাদা পাঁচটি মামলায় সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রোববার বিকেলে এ রায় দেন। আসামিদের সবাই ফেনী জেলা ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

চট্টগ্রাম, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে ২০০১ সালে বিএনপির পাঁচ সমর্থককে হত্যার আলাদা পাঁচটি মামলায় সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রোববার বিকেলে এ রায় দেন। আসামিদের সবাই ফেনী জেলা ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী। ২০০১ সালের ১২ আগস্ট ফেনীর সোনাগাজীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এক সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে দলের নেতাকর্মীদের ওপর হামলা করে পাঁচজনকে হত্যা করা হয়। ওই সময় এ ঘটনায় একই ব্যক্তিদের আসামি করে আলাদাভাবে পাঁচটি মামলায় দায়ের করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপরাধ প্রমাণিত না হওয়ায় সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক তাদের খালাস দিয়েছেন।" তিনি আরও বলেন, "তখনকার সরকার রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা করেছিল। মামলার কোন সাক্ষী আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি।" মামলার এজাহারে বলা হয়, নোয়াখালী বিএনপি'র বেশকিছুসংখ্যক নেতাকর্মী সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে নদী তীরে গিয়ে দেখেন, তাদের নৌকাগুলো নেই। এতে বাধ্য হয়ে অনেকে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে আশ্রয় নেন। পরদিন ভোরে নৌকাযোগে নদী পার হওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালালে পাঁচ নেতাকর্মী নিহত হন। আইনজীবী আইয়ুব জানান, মামলা পাঁচটিতে ফেনীর আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ জয়নাল হাজারী ও সাবেক প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই মীর্জা আবদুল কাদেরের নাম থাকলেও অভিযোগ গঠনকালে তাদের নাম বাদ দেওয়া হয়। মামলাগুলোতে ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয় বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/এএল/এসএইচ/২২৫০ ঘ.