২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা খাজা হাবিবসহ তিনজন ১ দিনের রিমান্ডে

ঢাকা সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহ হাবিবসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের পুলিশী হেফাজতে (রিমান্ড) নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহ হাবিবসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের পুলিশী হেফাজতে (রিমান্ড) নেওয়া হয়েছে। নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য নিজের কাছে রাখার মামলায় রোববার বিকেলে এ আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মোয়াজ্জেম হোসেন। খাজা হাবিবসহ তিনজনের পক্ষে রিমান্ড বাতিল করে জামিন চাওয়া হলেও বিচারক তা নাকচ করে দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক ব্রজেন্দ্র নাথ ভদ্র অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চান। রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন মো. আমিরুল ইসলাম ও মাসুদ রানা। শনিবার বিকেলে শাহবাগের নবাব হাবিবুল্লাহ সড়কের একটি একতলা ভবনে খাজা হাবিবের কার্যালয় থেকে এক হাজারের বেশি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-৩ এর একটি দল। এ ঘটনায় র‌্যাবের উপ-পরিদর্শক মোস্তফা কামাল বাদি হয়ে শাহবাগ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, খাজা হাবিব ও অন্যরা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় খাজা হাবিব ও অন্যদের প্যান্টের পকেট থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী লালবাগের বকশী বাজার, উর্দুরোডের একটি বাড়ি থেকে খাজা হাবিবের মালিকানাধীন একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে লালবাগ থানায় তার বিরুদ্ধে আলাদা একটি মামলা দায়ের করা হচ্ছে। খাজা হাবিবের পক্ষে রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন অ্যাডভোকেট শাহ আলম এবং আমিরুল ও মাসুদ রানার পক্ষে জামিন চান অ্যাডভোকেট এম এ জলিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ. এএনএস/এসএইচ/২২০৪ ঘ.