২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক কর্মীদের ছাড়াতে ঢাকা কলেজ ছাত্রলীগের সড়ক অবরোধ-ভাঙচুর

ছিনতাইয়ে জড়িত সন্দেহে পুলিশের হাতে আটক চার কর্মীকে ছাড়িয়ে নিতে রোববার বিকেলে দুই ঘণ্টা মিরপুর সড়ক অবরোধের পাশাপাশি ৮-১০টি গাড়ি ভাঙচুর করেছে ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ে জড়িত সন্দেহে পুলিশের হাতে আটক চার কর্মীকে ছাড়িয়ে নিতে রোববার বিকেলে দুই ঘণ্টা মিরপুর সড়ক অবরোধের পাশাপাশি ৮-১০টি গাড়ি ভাঙচুর করেছে ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মীরা। এ সময় নিউ মার্কেট থানা পুলিশের সঙ্গে হাতাহাতিতেও লিপ্ত হয় তারা। বিকেলের ব্যস্ত সময়ে নগরীর গুরুত্বপূর্ণ এ সড়ক অবরোধ করে রাখায় চরম ভোগান্তি পোহাতে হয় ঘরে ফেরা নগরবাসীকে। আটক চারজন হলেন- ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও ইতিহাস বিভাগের ছাত্র আল-মাহমুদ সরকার তারেক (২৫), প্রচার সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্র মানিক মাহমুদ (২৫), সহ-সম্পাদক ও অর্থনীতি বিভাগের ছাত্র রাসেল (২৩) এবং ছাত্রলীগ কর্মী ও দর্শন বিভাগের ছাত্র মিল্টন (২২)। একটি ছিনতাই ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হলেও পুলিশ বলছে, বিশেষ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়েছে। রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা কলেজের চার ছাত্রলীগ কর্মীকে একটি বিশেষ কারণে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে তাদের গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে ছাত্রলীগের কলেজ কমিটির নেতারা থানায় এসেছেন। তাদের সঙ্গেও আলোচনা হচ্ছে।" তবে কী অভিযোগে তাদের থানায় আনা হয়েছে- তা জানাতে রাজি হননি ওই পুলিশ কর্মকর্তা। ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মিয়া টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলেজের সামনের একটি ফিলিং স্টেশনে এক ব্যক্তির সঙ্গে হাতাহাতির ঘটনায় তাদের থানায় আনা হয়েছে। পুলিশ বলছে, সকালে ছিনতাই হওয়া এক ঘটনার সঙ্গে নাকি তারা জড়িত। "সেখানেও তারেকের মতো লাল শার্ট পরা একটি ছেলে ছিল। কিন্তু তা হতে পারে না বলে আমরা তাদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছি। কথাবার্তা চলছে। কিছুক্ষণ পরে হয়তো ছেড়ে দেবে।" নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ইসলামী ব্যাংকের নিউ মার্কেট শাখা থেকে এক ব্যক্তি ৮২ হাজার টাকা উঠিয়ে বের হওয়ার সময় কয়েকজন তার টাকা ছিনিয়ে নেয়। ওই অভিযোগে পরে সন্দেহভাজন হিসেবে এ চারজনকে আটক করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পরে ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার নেতা-কর্মীরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে। তারা মিছিল নিয়ে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে হাতাহাতি হয়। উত্তপ্ত পরিস্থিতিতে কলেজের সিনিয়র নেতারা তাদের শান্ত করে পুলিশের সঙ্গে বৈঠকে বসেন। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্ররা কলেজে চলে গেছে। নেতাদের সঙ্গে আলোচনা চলছে। দেখা যাক, কি হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমএ/এজে/এসএইচ/এইচএ/২১১২ ঘ.