ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় দুই আসামি আরিফ হোসেন সুমন ও মুন্সী মহিবুল্লাহর জামিন বাতিলে সরকার পক্ষের আবেদনের শুনানি পিছিয়েছে।
আসামিদের হাজির না করায় আগামী ৯ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত।
২১ আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় গত ১২ আগস্ট ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন তাদের জামিন দেন। তবে অন্য মামলায় তারা এখনও কারাগারে।
পরে মামলা দুটি স্থানান্তরিত হয় আলাদা দুটি আদালতে।
বিস্ফোরক মামলায় ঢাকার ১ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক এ এন এম বশির উল্লাহ আগামী ৯ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
বৃষ্টির কারণে আসামিদের হাজির করা যায়নি বলে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়।
জামিন আবেদনের শুনানি না হলেও গত ২৪ আগস্ট দেওয়া আদালতের নির্দেশ অনুযায়ী আসামি পক্ষ জামিন আবেদনের পক্ষে তাদের যুক্তি লিখিতভাবে উপস্থাপন করেন।
দুই আসামির জামিন কেন বাতিল করা হবে না, তা জানাতে আদালত ওই নির্দেশ দিয়েছিল।
সুমনের আইনজীবী আমিনুল গণি টিটো এবং মহিবুল্লাহর আইনজীবী লুৎফর রহমান শেখ লিখিত বক্তব্যে বলেন, সরকার পক্ষের আবেদনে বলা হয়েছে, জামিন পেলে আসামিরা পালিয়ে যেতে পারে। কিন্তু সে সম্ভাবনা নেই। কারণ জামিনের শর্ত হিসেবে প্রতি সপ্তাহে একবার করে তাদের থানায় হাজির হতে হবে।
আসামি পক্ষের আইনজীবীরা বলেন, আসামিদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে উল্লেখ করে জামিন আবেদনের বিরোধিতা করা হয়েছে। কিন্তু এক অপরাধের জন্য অপর অপরাধে দোষী বলে গণ্য করা ঠিক হবে না।
দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়ে তাদের আইনজীবীরা বলেন, নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে জবানবন্দি আদায় করা হয়েছে। তারপরও জবানবন্দিতে তারা ঘটনায় নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা বলেননি।
এসব কারণে সুমন ও মহিবুল্লার জামিন বাতিল না করার জন্য আদালতের প্রতি আবেদন করা হয়।
সুমনের আইনজীবী আমিনুলের আবেদনে আরও বলা হয়, সুমনের বিরুদ্ধে গ্রেনেড হামলার অভিযোগ আরও আটটি মামলা রযেছে বলে রাষ্ট্রপক্ষ যে দাবি করেছে তা সত্য নয়। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে, আর এর একটিও গ্রেনেড সংক্রান্ত নয়।
সুমনকে নিয়ে মামলার আগের তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর এবং বর্তমান তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দের প্রতিবেদন পরষ্পরবিরোধী বলে দাবি করেন অ্যাডভোকেট আমিনুল।
এদিকে হত্যা মামলায়ও দুই আসামির জামিন বাতিল আবেদনের শুনানি পিছিয়ে ৯ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম।
আসামি হাজির না থাকায় তিনি বলেন, এ শুনানি আসামিদের উপস্থিতিতে হওয়া বাঞ্ছনীয়, তাই নতুন তারিখ দেওয়া হলো।
বর্তমানে ২১ আগস্ট মামলা দুটির অধিকতর তদন্ত চলছে। এ মাসের মাঝামাঝিতে আদালত পুলিশের মহা পরিদর্শককে (আইজি) অধিকতর তদন্ত শেষে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিণ্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি।
ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই যে এ হামলার উদ্দেশ্য ছিল, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে।
ওই ঘটনায় মতিঝিল থানায় উপ-পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর গত বছরের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭২০ ঘ.
bdnews24