২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার হুমকিতে জাতীয় প্রেসক্লাবে তল্লাশি

বোমা হামলার হুমকিতে রোববার দুপুরে দুই ঘণ্টা জাতীয় প্রেসক্লাবে তল্লাশি চালায় র‌্যাব। তবে কোনও বোমা পাওয়া যায়নি। প্রেসক্লাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তল্লাশির কারণে দুটি আলোচনা সভা ব্যাহত হলেও প্রেসক্লাব কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত কোনও অনুষ্ঠান স্থগিত করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 06:20 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোমা হামলার হুমকিতে রোববার দুপুরে দুই ঘণ্টা জাতীয় প্রেসক্লাবে তল্লাশি চালায় র‌্যাব। তবে কোনও বোমা পাওয়া যায়নি। প্রেসক্লাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তল্লাশির কারণে দুটি আলোচনা সভা ব্যাহত হলেও প্রেসক্লাব কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত কোনও অনুষ্ঠান স্থগিত করা হয়নি। দুপুর পৌনে ১২টার দিকে একদল র‌্যাব সদস্য প্রেসক্লাবে তল্লাশি অভিযান শুরু করে। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, টেলিফোনে বোমা হামলার হুমকি পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়। তবে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এভাবে বোমা হামলার হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি অতীতে কখনো ঘটেনি। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তল্লাশি করে জানিয়েছেন, কোনো কিছুই পাওয়া যায়নি। তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি চালায় বলে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। "জাতীয় প্রেস ক্লাব একটি জাতীয় প্রতিষ্ঠান। এই ক্লাবের সদস্যসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আশা করি, এ ব্যাপারে সরকার আরও মনোযোগী হবেন।'' এর আগে তল্লাশি চলার সময়ে যুগ্ম-সাধারণ সম্পাদক রওনাক হোসেন রনো সাংবাদিকদের বলেন, "বোমা হামলার হুমকির বিষয়ে আমরা কিছুই জানি না। র‌্যাব এসে বলেছে, তারা তল্লাশি করবে। এখানে বোমা রয়েছে। সে জন্য আমরা নিরাপত্তার স্বার্থে তাদের সহযোগিতা করছি।" তিনি বলেন, "হুমকির বিষয়টি আতঙ্ক ছড়ানোর জন্যও করা হতে পারে।" অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৩ এর উপঅধিনায়ক মেজর খায়রুল আমিন প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের বলেন, "ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে এ তল্লাশি অভিযান চালানো হচ্ছে।" র‌্যাব এর মিডিয়া উইংয়ের এর পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে একটি হুমকি আসে। এর ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়।" র‌্যাব সদস্যরা তিন তলা প্রেসক্লাব ভবনের সবগুলো কক্ষ, সাংবাদিক লাউঞ্জ, ক্যান্টিন, মিডিয়া সেন্টার, গ্রন্থাগারসহ সবস্থানেই তল্লাশি চালায়। ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি চলে। ওই সময় পুরো প্রেসক্লাব ঘিরে রাখা হয়। প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাব কর্মকর্তারা পৌনে ১২টার দিকে এসে জানায়, সাড়ে ১২টার মধ্যে প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার একটি হুমকি এসেছে। এর ভিত্তিতে তারা তল্লাশি চালাতে এসেছেন।" তল্লাশি শেষে দুপুর ২টার দিকে মেজর খায়রুল আমিন সাংবাদিকদের বলেন, "গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এখানে এসেছি। গোয়েন্দা দপ্তর জানিয়েছে, প্রেসক্লাবে বোমা হামলার হুমকি রয়েছে। বোমা থাকতে পারে।" টেলিফোনে ওই বোমা হামলার হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। মেজর আমিন বলেন, "তল্লাশি অভিযানে কিছু পাওয়া যায়নি। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।" তল্লাশি শেষ হওয়ার পরও প্রেসক্লাব চত্বরে পুলিশ ও র‌্যাব প্রহরা রয়েছে। তল্লাশির সময় প্রেসক্লাব ভবনে দুটি আলোচনা সভা চলছিল। দোতলায় সম্মেলন কক্ষে রেনেসাঁস ইনস্টিটিউট এর উদ্যোগে 'পিলখানা হত্যাকাণ্ডের ৬ মাস: নাগরিক ভাবনা' শীর্ষক আলোচনা সভায় বিএনপি সাংসদ এম কে আনোয়ার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আমিন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি'র সভাপতি শেখ শওকত হোসেন নিলু ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী উপস্থিত ছিলেন। সম্মেলন কক্ষ থেকে পাঁচ মিনিটের জন্য সবাইকে বের করে ওই কক্ষটি র‌্যাব তল্লাশি করে। তিনতলায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদের আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির উপস্থিত ছিলেন। র‌্যাব সে কক্ষটিতেও তল্লাশি চালায়। প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ সৈয়দ আবদাল আহমদ সাংবাদিকদের জানান, তল্লাশি সত্ত্বেও প্রেসক্লাবে নির্ধারিত কোনও অনুষ্ঠান স্থগিত করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএম/এলএইচ/এফএফ/এমআই/১৪৩০ ঘ.