২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ঢুকে আব্দুল ওদুদ নয়ন নামে এক শ্রমিক নেতাকে মারধর ও আহত করেছে সন্ত্রাসীরা। প্রতিবাদে শ্রমিকরা শনিবার বিকেলে জয়কালী মন্দির থেকে সায়েদাবাদ পর্যন্ত রাস্তায় এলোমেলো বাস ফেলে সড়ক অবরোধ করলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 05:48 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ঢুকে আব্দুল ওদুদ নয়ন নামে এক শ্রমিক নেতাকে মারধর ও আহত করেছে সন্ত্রাসীরা। প্রতিবাদে শ্রমিকরা শনিবার বিকেলে জয়কালী মন্দির থেকে সায়েদাবাদ পর্যন্ত রাস্তায় এলোমেলো বাস ফেলে সড়ক অবরোধ করলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি আব্দুল ওদুদ নয়ন অভিযোগ করেন, দুপুর একটার দিকে জয়কালী মন্দিরের পাশে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বসে থাকার সময় ৭৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা লাবলুর নেতৃত্বে কয়েকজন তার উপর হামলা চালায়। চাঁদাবাজি ও পরিবহন ব্যবসার নিয়ন্ত্রণ নিতেই এ হামলা চালানো হয় বলেও দাবি করেন তিনি। এদিকে আব্দুল ওয়াদুদের ওপর হামলার খবরে জয়কালী মন্দির ও সায়েদাবাদ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ করে। বিকেল তিনটা থেকে আধঘন্টারও বেশি সময় রাস্তায় এলোপাথাড়ি বাস ও গাড়ি ফেলে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একজন নেতা আহত হওয়ার খবরে শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়েছিল। তবে আমরা গিয়ে অনুরোধ করার পর তারা রাস্তা ছেড়ে দেয়।" এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসএইচ/২৩৫০ ঘ.