ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -চারদিন বয়সী শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার মধ্যরাতে উত্তেজিত মায়ের ছুরিকাঘাতে শিশু হাসপাতালের এক ওয়ার্ড বয় আহত হয়েছে।
ওই হাসপাতালের ডাক্তার প্রবীর কুমার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত ওয়ার্ড বয় হারুন এক্সরে করাতে নিয়ে যাওয়ার সময় ঠিকমতো অক্সিজেন না দেওয়ায় শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ওই শিশুর বাবা- মা।
শেরে-বাংলা নগর থানার উপপরিদর্শক শামীম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার দিন আগে নারায়ণগঞ্জের বন্দর থানার চরণ খোলা এলাকার আনোয়ার হোসেন স্ত্রী রেশমী বেগমের এক পুত্র সন্তান হয়। অসুস্থতার কারণে তাকে গত ২৭ আগস্ট হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার মধ্যরাতে এ শিশুর মৃত্যু হয়।
তিনি জানান, এ খবর শুনে মা রেশমী বেগম উত্তেজিত হয়ে ফল কাটার জন্য রাখা একটি ছুরি নিয়ে ওয়ার্ড বয় বৃদ্ধ হারুনকে পর পর কয়েকবার আঘাত করে। এতে হারুনের বুকের বাম দিকে এবং পিঠে গুরুতর আঘাত লাগে।
ডাক্তার প্রবীর কুমার বলেন, "জন্মের পরই শিশুকে শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়। তাছাড়া জন্মের পর থেকে শিশু কান্না করছিলো না।
"যথানিয়মে তার চিকিৎসা চলছিল।"
শুক্রবার সন্ধ্যায় তার এক্সরে করানো হয়। রাত ১২টার পরে শিশুর মৃত্যু হয়। এরপর তার বাবা আনোয়ার হোসেন ওয়ার্ডবয় হারুনকে বেশ কয়েকটি চড়-থাপ্পড় দেন। পরে শিশুর মা হাতের কাছে থাকা একটি ছুরি দিয়ে হারুনকে আঘাত করেন বলে জানান ডা. প্রবীর।
হারুনকে প্রথমে শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সোহরাওয়ার্দি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।
ডা. প্রবীর আরও জানান, শুক্রবার রাতেই লাশ নিয়ে শিশুর বাবা-মা নারায়ণগঞ্জ চলে যান। এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে একটি মামলা করার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচ/১৮৪৩ ঘ.
bdnews24