২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসপি কমপ্লেক্স লিমিটেডের এমডি জহির কারাগারে

রাষ্ট্রায়ত্ব টিএসপি কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহিরুল হক ও তার গাড়ির চালক সিরাজুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে শনিবার জহিরুল হক ও তাকে সহায়তার জন্য সিরাজকে পুলিশ গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 09:46 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

চট্টগ্রাম, আগস্ট ২৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাষ্ট্রায়ত্ব টিএসপি কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহিরুল হক ও তার গাড়ির চালক সিরাজুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে শনিবার জহিরুল হক ও তাকে সহায়তার জন্য সিরাজকে পুলিশ গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকেলে মহানগর হাকিম আদালতে এ দু'জনকে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি জানান, তদন্তের স্বার্থে গাড়ির চালক সিরাজুল ইসলামকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। তবে আদালত তা মঞ্জুর করেননি। এর আগে শনিবার সকালে আগ্রাবাদ ব্যাপারী পাড়ায় সরকারি বাড়ি থেকে জহিরুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক। ওই সময় জহিরুল হক দাবি করেন, চাঁদা না দেওয়ায় স্থানীয় লোকজন ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসিয়ে দিয়েছে। পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসার কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে টিএসপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হককে শনিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।" জহিরুলের স্ত্রী তিনমেয়েসহ ঢাকায় থাকেন। পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল বলেন, "গৃহপরিচারিকার অভিযোগ, নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গত ২৩ আগস্ট থেকে জহিরুল প্রতিরাতে তাকে ধর্ষণ করে আসছিল। ওই গৃহপরিচারিকার বোন অভিযোগ জানানোর পর জহিরুলকে গ্রেপ্তার করা হয়।" ডাক্তারি পরীক্ষার জন্য গৃহপরিচারিকাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, গাড়িচালক সিরাজুল ১৬ বছর বয়সী ওই গৃহপরিচারিকাকে গত ১ আগস্ট ওই বাড়িতে নিয়ে যায়। এর আগে মেয়েটি নগরীর একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতো। তিনি জানান, চালক ও মেয়েটি উভয়ের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসএইচ/২২৪১ ঘ.