ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের রাজঘর গ্রামে শুক্রবার দুপুরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহতের নাম মলাই মিয়া (৬৫)।
নাটাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে রাজঘরের পাশ্ববর্তী আমতলী বাজারে শশা কেনাকে কেন্দ্র করে একই গ্রামের হাজি অলিউল্লাহর দলের এক লোকের সঙ্গে আবু তাহেরের বাড়ির এক লোকের কথা কাটাকাটি হয়।
তিনি জানান, ওই দিনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হয়। ঘটনাটি মীমাংসার জন্যে এলাকার মাতব্বরদের ডেকে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় সালিসের জন্যে দিন ধার্য করা হয়।
সালিশ বসার আগেই দুপুর সাড়ে ১২টার দিকে হাজি অলিউল্লার দলের সন্ত্রাসীরা প্রতিপক্ষের মলাই মিয়াকে বাড়ির পাশে পেয়ে পিটিয়ে আহত করে বলে ইউপি চেয়ারম্যান জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মলাই মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭১৪ ঘ.
bdnews24