নারায়ণগঞ্জ, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো মুড়াপাড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল এবং কারখানা ভাঙচুর করেছে।
এ সময় উত্তেজিত শ্রমিকরা রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফোরকান শিকদার জানান, রূপগঞ্জ উপজেলার তারাবো মুড়াপাড়া এলাকার রপ্তানিমুখী শিকদার গার্মেন্টসের চার শতাধিক শ্রমিকের দুই মাসের বকেয়া বেতন বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল।
শ্রমিকরা কাজে এসে জানতে পারেন তাদের বেতন দেওয়া হবে না। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা কারখানার দরজা জানলার কাচ ও আসবাব ভাঙচুর করে। এক পর্যায়ে শ্রমিকরা রূপসী-কাঞ্চন সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে।
ওসি জানান, পরে র্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৬ টার দিকে বেতন ভাতাদি পরিশোধ করলে শ্রমিকরা শান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০২ ঘ.
bdnews24