গাজীপুর, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর জেলা পরিষদ চত্বর থেকে বৃহস্পতিবার দুপুরে অস্ত্রের মুখে এক ঠিকাদারের দরপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ছিনতাইয়ের শিকার ঠিকাদারি প্রতিষ্ঠান মোতাহার অ্যান্ড ব্রাদাসের স্বত্বাধিকারী আমিনুল ইসলামের স্ত্রী মাকসুদা আক্তার তুলি রাতে জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন।
মামলায় এরশাদ, আলমগীর, হাসনাত, সুমন, কাজল, শাওন, মনিরসহ ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, তুলি অভিযোগ করেছেন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি স্বামীর পক্ষে জেলার পরিষদের ২, ১৩ এবং ১৪ নম্বর প্যাকেজের তিনটি কাজের দরপত্র জমা দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। আসামিরা লাঠি, দা, চাপাতি, পিস্তল নিয়ে দরপত্র জমা দেওয়ার কক্ষে প্রবেশ করেন এবং তাকে দরপত্র বাক্সে ফেলতে বাধা দেন।
এর প্রতিবাদ করলে তারা তাকে কিল ঘুষি লাথি মেরে আহত করেন। এ সময় হাসনাত পিস্তল দেখিয়ে খুন করার হুমকি দিয়ে পে-অর্ডারসহ দরপত্র ছিনিয়ে নিয়ে তাকে তাড়িয়ে দেন।
ওসি জানান, ঘটনাটি তুলি জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদারকে জানালে তিনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নির্দেশ দেন। তখন তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। তবে এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান।
এ বিষয়ে তুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারদলীয় কোনো ঠিকাদারের পক্ষ নিয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি।"
তিনি জানান, সন্ত্রাসীরা তাকে ও তার স্বামীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24