ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইমলামীর নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে দেওয়া হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়।
সুপ্রিম কোর্টের শরৎকালীন অবকাশ শেষে খোলার এক সপ্তাহ পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। সরকারকে ওই সময় নিয়মিত আপিলের আবেদন (লিভ টু আপিল) করতে বলেছে আদালত।
সাঈদীকে গত সোমবার ৬ মাসের আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট। তবে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
গত ১৯ আগস্ট সাইদী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।
মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে গত ১২ আগস্ট পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম রফিকুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার চিথলিয়া গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা সইজুদ্দিন পশারীর ছেলে মালিক পশারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৬১৫ ঘ.
bdnews24