২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার সমাধি প্রাঙ্গনে 'নজরুল কমপ্লেক্স' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার তার সমাধি প্রাঙ্গনে 'নজরুল কমপ্লেক্স' এর উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার তার সমাধি প্রাঙ্গনে 'নজরুল কমপ্লেক্স' এর উদ্বোধন করবেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ কথা জানান। উপাচার্য বলেন, সর্বস্তরের মানুষের কাছে জাতীয় কবির স্মৃতি সরাসরি তুলে ধরা এবং তাকে নিয়ে গবেষণা চালিয়ে যাওয়া এই কমপ্লেক্স প্রকল্পের লক্ষ্য। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি সৌধ, শহীদ বুদ্ধিজীবী সমাধি সৌধ, শিল্পাচার্য সমাধি সৌধ এই তিনের সমন্বয়ে নজরুল কমপ্লেক্স গড়ে উঠেছে। এই কমপ্লেক্সে তিনটি পৃথক তথ্যকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এসব তথ্যকেন্দ্রে কবি কাজী নজরুল ইসলাম, শহীদ বুদ্ধিজীবী এবং শিল্পাচার্য জয়নুল আবেদীনের জীবনী, রচনাবলী এবং তাদের কীর্তি সম্বন্ধে তথ্য থাকবে। কমপ্লেক্সে জাতীয় কবির 'বিদ্রোহী' কবিতার প্রথম ৬ লাইন লেখা টেরাকোটা বসানো হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান, নজরুল গবেষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, নজরুলের নাতনী খিলখিল কাজী প্রমুখ। সংবাদ সম্মেলনে খিলখিল কাজী বলেন, নজরুলের সমাধি প্রাঙ্গণে এই কমপ্লেক্স তৈরি ছিলো তাদের পারিবারিক ইচ্ছা। দীর্ঘদিন পর তাদের ইচ্ছা পূরণ হয়েছে। ফলে দীর্ঘদিন পরে হলেও নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির নিদর্শন আরো সুষ্পষ্ট, মুক্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২২২৮ঘ.