২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন: সাড়ে ৭ লাখ একর জমিতে বনায়নের পরিকল্পনা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় চলতি বছরের মধ্যেই সাড়ে ৭ লাখ একর জমিতে বনায়ন শুরুর পরিকল্পনা নিয়েছে সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 'ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান' শীর্ষক একটি পরিকল্পনাও চুড়ান্ত করেছে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় চলতি বছরের মধ্যেই সাড়ে ৭ লাখ একর জমিতে বনায়ন শুরুর পরিকল্পনা নিয়েছে সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 'ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান' শীর্ষক একটি পরিকল্পনাও চুড়ান্ত করেছে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি। বুধবার সচিবালয়ে এ আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠকের পর বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, "সরকার ৭ লাখ ৫৮ হাজার একর জমিতে সামাজিক বনায়নের পরিকল্পনা নিয়েছে। এ বনায়নের বিষয়টি 'জাতীয় ক্যাম্পেইন'-এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।" তিনি জানান, বনায়নের জন্য জমি দেবে সরকার। কিন্তু এই বনায়ন হবে অংশীদারিত্বের মাধ্যমে। বনায়নের পর কাঠ বা গাছ বিক্রি থেকে পাওয়া অর্থের ৭৫ থেকে ৮০ শতাংশ রেখে বাকীটা সরকারকে দিয়ে দেওয়া হবে। কবে নাগাদ সামাজিক বনায়নের এ কাজ শুরু হবে জানতে চাওয়া হলে বন প্রতিমন্ত্রী বলেন, "সামাজিক বনায়ন নীতিমালা এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই এর প্রক্রিয়া শেষ হবে। চলতি বছরের মধ্যেই আমরা কাজ শুরু করতে পারবো।" এছাড়া সরকারের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ঢাকার বাইরে জেলা শহরেও ছড়িয়ে দেওয়া হবে বলে জানান হাছান মাহমুদ। 'ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান' সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রধান পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বনায়ন ও নদীর নাব্যতা বাড়াতে হবে। নদীভাঙন রোধ করতে হবে। ৩০ বছরে এ কাজ করতে লাগবে ৩০ হাজার কোটি টাকা।" সরকার ইতোমধ্যে এসব কাজে ৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি। ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান-এ ৬টি থিমের আওতায় ৪৪টি অ্যাকশন প্ল্যান রয়েছে। অনুমোদনের জন্য এটি মন্ত্রিসভার বৈঠকে পাঠানো হবে বলে জানান বন প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/২১২৯ ঘ.