২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদেকীকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট

বাংলাদেশের নাগরিক এহসানুল ইসলাম সাদেকীকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়াকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ২০০৬ সালের ১৭ এপ্রিল সাদেকীকে বারিধারার বাসা থেকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশের নাগরিক এহসানুল ইসলাম সাদেকীকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়াকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি শহীদুল ইসলাম ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের হাইকোর্ট বেঞ্চ সাদেকীর বাবা সরদার মোহাম্মদ শরিফের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এই রায় দেয়। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ২০০৬ সালের ১৭ এপ্রিল সাদেকীকে বারিধারার বাসা থেকে আটক করা হয়। এর তিনদিন পর তাকে এফবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। গত ১৩ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের একটি আদালতের জুরি সাদেকীকে সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত করেছে। এর ভিত্তিতে দণ্ড হলে তার ষাট বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন বন্দিবিনিময় চুক্তি না থাকা সত্ত্বেও সাদেকীকে এফবিআইয়ের হাতে তুলে দেওয়ার বৈধতা নিয়ে তার বাবা ২০০৬ সালের ১৪ মে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। হাইকোর্ট এর পরদিন সরকারের প্রতি রুলনিশি জারি করে। রিট আবেদনটির ওপর শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান বলেন, সাদেকীকে ধরে নেওয়ার পর তাকে প্রথম জাপান নিয়ে যাওয়া হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এখনও সে এফবিআইয়ের হাতে আটক রয়েছে। সাদেকী ২০০৫ সালের ২০ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছিলেন। তিনি আরও বলেন, "বাংলাদেশের কোন নাগরিককে এভাবে অন্য দেশের হাতে তুলে দেওয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী।" সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০৫৫ঘ.