২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বুধবার দায়ের করা প্রায় ১৪ কোটি টাকা কর ফাঁকির মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 01:25 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার দায়ের করা প্রায় ১৪ কোটি টাকা কর ফাঁকির মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার বিকেলে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম বশির উল্লাহ এ আদেশ দেন। একইসঙ্গে ৭ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন ধার্য করে ওইদিন অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন বিচারক। গিয়াস উদ্দিন আল মামুন অন্য মামলায় কারাগারে অন্তরীণ রয়েছেন। প্রায় ৫৪ কোটি টাকার আয় গোপন করে ২০০০-২০০১ করবর্ষ থেকে ২০০১-২০০৬ কর বর্ষ পর্যন্ত ১৩ কোটি ৮১ লাখ ১ হাজার ৫২৪ টাকা কর ফাঁকির অভিযোগে বুধবার সকালে এ মামলা দায়ের করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার আয়েশা সিদ্দিকী শেলী। আরজিতে বলা হয়, গিয়াসউদ্দিন আল মামুন ইউনিটেক্স অ্যাপারেলস লি. এর পরিচালক হিসেবে মিথ্যা আয়কর রিটার্ন দাখিল করে ওই কর ফাঁকি দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার জানান, ৭ সেপ্টেম্বর মামুনকে আদালতে হাজির করানোর আবেদন জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৯৪০ঘ.