ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড কেনেডির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার পৃথক শোকবাণীতে তারা প্রয়াত কেনেডির আত্মার শান্তি কামনা করেন।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতা এডওয়ার্ড কেনেডি ক্যান্সারে ভুগে মঙ্গলবার রাতে ম্যাসাচুসেটসে নিজের বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির এই ভাই টেড কেনেডি নামেই পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি সিনেটরের দায়িত্ব পালন করেন।
১৯৭১ এ বাংলাদেশ যখন স্বাধীনতার জন্য লড়ছে, তখন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় রিপাবলিকান পার্টি। আর তাদের সমর্থন ছিল পাকিস্তানের দিকে। এর মধ্যেই বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন সিনেটর এডওয়ার্ড।
প্রধানমন্ত্রী তার শোকবাণীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রয়াত এই সিনেটরের অকুন্ঠ সমর্থন ও বিশ্ব জনমত গঠনে তার ভূমিকার কথা স্মরণ করে বলেন, ''বাংলাদেশের জনগণ তার অবদান চিরদিন মনে রাখবে।''
শেখ হাসিনা কেনেডির পরিবারবর্গ, যুক্তরাষ্ট্রের সরকার ও সেদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, ''এডওয়ার্ড কেনেডির মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারাল।''
পৃথক এক শোকবাণীতে বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, ''প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডি ছিলেন মানবতাবাদী ও গণতন্ত্রমনা ব্যক্তিত্ব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এডওয়ার্ড কেনেডি বিশ্ব জনমত গঠনে যে ভূমিকা রেখে গেছেন, বাংলাদেশের মানুষ আজীবন তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।''
কেনেডির মৃত্যুতে তার পরিবারবর্গ , যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে খালেদা জিয়া বলেন, ''কেনেডির মৃত্যুতে যুক্তরাষ্ট্র এক মহান নেতাকে হারিয়েছে। বাংলাদেশের জনগণও হারিয়েছেন একজন অকৃত্রিম প্রিয় বন্ধুকে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৫০ ঘ.
bdnews24