ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বরের ভেজাল সিরাপ পানে অসুস্থ একটি শিশু বুধবার রাজধানীর শিশু হাসপাতালে মারা গেছে।
ইভা নামে তিন বছরের এ শিশুও রিড ফার্মা'র প্যারাসিটামল সেবন করেছিল বলে তার পরিবারের সদস্যরা জানায়।
রিড ফার্মার ওষুধ পানে কিডনি অকেজো হয়ে এর আগে বেশ কয়েকটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠলে এ নিয়ে তদন্ত হয় এবং ওষুধ কোম্পানিটির বিরুদ্ধে মামলাও হয়।
ইভার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আসাদনগর গ্রামে।
তার ভাই ইমরান হোসেন ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জ্বরে আক্রান্ত হওয়ায় স্থানীয় চিকিৎসকের পরামর্শে ইভাকে রিড ফার্মার প্যারাসিটামল সেবন করানো হয়।"
ওষুধ খাওয়ার পর অবস্থার আরও অবনতি হলে ইভাকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয় তাকে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে ইভাকে সোমবার রাতে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সকাল পৌনে ১১টায় ইভা মারা যায়।
ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক এ আর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওষুধ খাওয়ায় ইভার প্রস্রাব বন্ধ যায়। এরপর সঙ্কটাপন্ন অবস্থায় সোমবার হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার কোনও উন্নতি হয়নি।"
রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ ও ভিটামিন বি কমপ্লেক্স সেবনে কিডনি অকেজো হয়ে ২৮টি শিশু মারা গেছে বলে পত্রিকায় খবর প্রকাশ হয়।
এ নিয়ে দেশজুড়ে সমালোচনা হলে ওষুধ প্রশাসন রিড ফার্মাকে উৎপাদন ও বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেয়।
পরবর্তী সময়ে মহাখালীর ওষুধ পরীক্ষাগারে রিডের ওষুধ পরীক্ষা করে দেখা যায়, এগুলো মানসম্মত নয়।
গত ১০ আগস্ট ওষুধ প্রশাসন পরিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম রিড ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই জেলায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এসআইটি/এফএফ/
bdnews24