সুবীর রায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
খুলনা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাহিদা প্রতিদিন ২৪ কোটি লিটার হলেও খুলনা ওয়াসা সরবরাহ করছে সাড়ে ১২ কোটি লিটার পানি। চাহিদার অর্ধেক পানিতে নগরীর বাসিন্দারা দৈনন্দিন কাজ করতে গিয়ে পড়েন দুর্ভোগে। রমজান মাসে তাদের এ ভোগান্তি আরও তীব্র হয়েছে।
রোজায় ইফতার ও সেহরীর সময় পানির প্রয়োজন সবচেয়ে বেশি। কিন্তু এ সময় পানি না থাকায় নগরবাসীকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। সারাদিন রোজা রাখার পর এ ধরনের ভোগান্তিতে অতিষ্ঠ নগরীর ১৫ লাখ বাসিন্দা।
নগরীর স্যার ইকবাল রোডের বাসিন্দা ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পানি সরবরাহ এতই কম যে সকালে পাওয়া গেলেও বিকেলে আর পাওয়া যায় না। সারাদিন রোজা রেখে পানি না পাওয়ায় অত্যন্ত কষ্ট হয়।"
পানির সঙ্কটের বিষয়ে খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ মো. জগলুল হায়দার বলেন, "আপাতত পানি সঙ্কট নিরসনের কোনও পথ নেই।"
তিনি জানান, এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) অর্থায়নে ১০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। প্রকল্পের আওতায় আরও একটি শোধনাগার এবং নদী থেকে পানি আনার ব্যবস্থা থাকবে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে চাহিদার আরও ৪০ শতাংশ মেটানো যাবে বলে আশা করছেন তিনি।
তবে তার জন্য আরও দু'বছর অপেক্ষা করতে হবে বলে ওয়াসা কর্মকর্তা জানান।
খুলনা ওয়াসার কর্মকর্তারা জানান, গত বছরের ২২ মার্চ খুলনা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন 'পানি সরবরাহ বিভাগ' ওয়াসায় রূপান্তরিত হয়। ওই বছরের অক্টোবর মাসে ওয়াসার কার্যক্রম শুরু হয়। ১৩২ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী এবং ১২৮ জন অস্থায়ী কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটি কাজ শুরু করে।
তারা জানান, একটি শোধনাগার থেকে বর্তমানে তিন কোটি ৯০ লাখ লিটার পানি সরবরাহ করা হয় পাইপ লাইনের মাধ্যমে। এছাড়া ৮ কোটি ৬০ লাখ লিটার পানি সরবরাহ হয় গভীর নলকূপ থেকে। এসব নলকূপ ওয়াসার অর্থায়নে স্থাপিত।
ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. আলিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিটি কর্পোরেশন থেকে আলাদা হয়ে ওয়াসার যাত্রা শুরু হওয়ার পর আর্থিক সঙ্কট রয়েছে অনেক। তবে চেষ্টা করা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টাকা ছাড় করানোর। টাকা পাওয়া গেলে সমস্যার সমাধান হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমআই/১১২০ ঘ.
bdnews24