সাভার, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগরিবের নামাজের সময় বিদ্যুতের লোডশেডিং-এ ক্ষুব্ধ মুসল্লিরা মঙ্গলবার রাতে সাভার পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাভার কার্যালয়ের উপ-মহা-ব্যবস্থাপক মো. আজাহার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাগরিবের নামাজের সময় লোড শেডিং হওয়ায় ভাগলপুর মসজিদের ২৫/৩০ জন মুসল্লি পল্লী বিদ্যুতের সাভার কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে অফিসের জানালা-দরজার গ্লাস ভাঙচুর করেন।
খবর পেয়ে সাভার থানার পুলিশ ও র্যাব-৪'র সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এর আগেই বিক্ষুব্ধ মুসল্লিরা চলে যান।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্লাহ্ জানান, মাত্রাতিরিক্ত লোড শেডিং হওয়ায় মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে রাত ৮টার দিকে এ পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/২৩৪০ ঘ.
bdnews24