ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় স্বেচ্ছায় অবসরে যাওয়া বিমানের বাকি ৭০০ কর্মকর্তা ও কর্মচারীদের পুনর্বহালের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সুপারিশ নাকচ করে দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের।
কমিটি সদস্যদের সঙ্গে কিছুটা ভিন্নমত প্রকাশ করে তিনি বলেছেন, সবাই যে সেনা বাহিনীর চাপে পড়ে অব্যাহতি নিয়েছিলেন তা বলা ঠিক হবে না। মন্ত্রী বলেন, সরকারের পক্ষে তাদের পুনর্বহাল করা সম্ভব নয়।
মঙ্গলবার বিমানের সদর দপ্তর বলাকা ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রী এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেন।
মন্ত্রী বলেন, "বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী এসব কর্মকর্তা-কর্মচারীকে বিমানে পুনর্বহাল সম্ভব নয়।"
তবে স্থায়ী কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "সংসদীয় কমিটি ওই কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের পক্ষে মত দিয়েছে।"
তিনি জানান, কমিটির কমিটির বেশিরভাগ সদস্য বলেছেন- ১/১১-এ রাজনৈতিক পটপরিবর্তনের পর বিগত তত্ত্বাবধায়ক সরকার তাদের জোর করে অবসরে পাঠিয়েছে।
এ বিষয়ে জিএম কাদের বলেন, "বৈঠকে অর্থ মন্ত্রীকে উদ্ধৃত করে আমি সুস্পষ্টভাবে বলে দিয়েছি- বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি অনুযায়ী সরকার স্বেচ্ছায় অবসরে যাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহাল করতে পারে না।"
কমিটির কয়েকজন সদস্য পুনর্বহালের পক্ষে মত দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ".. যেহেতু এ প্রক্রিয়ায় আইনী বিষয় যুক্ত তাই তাদের পুনর্নিয়োগের বিষয়টি এত সহজ নয়।"
"স্বেচ্ছায় অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক দাবি মেটানো হয়েছে। গোল্ডেন হ্যান্ডশেকে অবসরে যাওয়ার সিদ্ধান্তের কারণে তারা অতিরিক্ত অর্থও পেয়েছেন", বলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী।
তাদের কেন পুনর্নিয়োগ দেওয়া হবে- এমন প্রশ্ন রেখে জিএম কাদের বলেন, "সব কর্মকর্তা-কর্মচারীই যে সেনা বাহিনীর চাপে পড়ে অব্যাহতি নিয়েছিলেন এমনটি বলা ঠিক হবে না।"
সংসদীয় কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, "আমরা মন্ত্রণালয়কে ওই কর্মকর্তা-কর্মচারীদের পুনর্নিয়োগের সুপারিশ করেছি।"
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিগত তত্ত্বাবধায়ক সরকার চরম লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হওয়া বিমানের ১৮০০ কর্মকর্তা-কর্মচারীকে গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় স্বেচ্ছায় অবসরে পাঠায়। এরমধ্যে ১১০০ কর্মকর্তা-কর্মচারীকে ওই সরকারই পরে পুনর্নিয়োগ দেয়। সংসদীয় কমিটির সদস্যরা বাকি ৭শ'কেও চাকরি ফিরিয়ে দিতে বলছেন।
কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় অবসরে যাওয়ার কারণে বিমানের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন কমিটির চেয়ারম্যান।
মোশাররফ হোসেন আরো বলেন, "প্রয়োজনে স্বেচ্ছায় অবসরে যাওয়ার কারণে পাওয়া টাকা তারা সরকারি কোষাগারে জমা দেবেন।"
নিয়োগ বঞ্চিত বাকি কর্মকর্তা-কর্মচারীরা গত জাতীয় নির্বাচনের পর থেকে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন।
বলাকা ভবনে বৈঠক শেষে বেরিয়ে এলে ওই কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি জানিয়ে সংসদীয় কমিটির চেয়ারম্যানকে ঘিরে ধরেন। চেয়ারম্যান তাদের কথা শোনেন।
মঙ্গলবারের বৈঠকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া ৪৩৫ বিঘা জমি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আইপিসিওকে ইজারা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
এ ব্যাপারে মোশাররফ হোসেন বলেন, তারা মন্ত্রণালয়ের কাছে জমি ফিরিয়ে নেওয়ার জন্য ওই প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসার সুপারিশ করেছেন।
এর আগে কমিটি প্রতিষ্ঠানটিকে দেওয়া ৬০ বছরের ইজারা বাতিল করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছিল।
এ বিষয়ে জি এম কাদের বলেন, "ভবিষ্যতে বিমানবন্দর স
bdnews24