২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুলিশের তাড়ায় বিলে ডুবে মরা যুবকের লাশ উদ্ধার

গাজীপুরে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে বিলের পানিতে ডুবে যাওয়া যুবকের লাশ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বিলে নিহত উজ্জ্বল মোল্লার লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 02:08 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

গাজীপুর, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে বিলের পানিতে ডুবে যাওয়া যুবকের লাশ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বিলে নিহত উজ্জ্বল মোল্লার লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত উজ্জ্বল (৩০) সদর উপজেলার কুমুন এলাকার মোতালেব মোল্লার ছেলে। এ ঘটনায় এক হাবিলদারসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং পুলিশের এক সোর্সকে গ্রেপ্তার করা হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় উজ্জ্বলের মামা আবু সাইদ বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এলাকাবাসী সোহাগ নামে একজনকে ধরে পুলিশে দিলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুর সদর (শহর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর সাত্তার ভূইয়া জানান, এ ঘটনায় হাবিলদার ফজলুল করিম, কনস্টেবল আনসার আলী, আব্দুল হালিম ও শাহজাহানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়, রোববার রাত সাড়ে ১০ টার দিকে কুমুন বাজারের পাশে কেতুরির টেকে উজ্জ্বলসহ কয়েকজন বসে তাস খেলছিল। পাশের হাড়িনাল গ্রামের ফরহাদ, সোহাগ ও আরিফ হাবিলদার ফজলুল করিমসহ ৫/৬ জন পুলিশ নিয়ে সেখানে হানা দেয়। পুলিশ সেখান থেকে ইউনুছ, মোতালেব, তারা মিয়া, মোজাফফর, জলিল ও রেজাউলকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ সময় উজ্জ্বল পানিতে লাফিয়ে পড়ার পর ফরহাদ হকিস্টিক দিয়ে মাথায় আঘাত করলে তিনি ডুবে যান। সোমবার বিকেলে কুমুন বাজার থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী সোহাগকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএনএস/২৩৫৫ঘ.