ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শিক্ষা খাতের জন্য বছরের বরাদ্দ করা অর্থ ব্যয় ও নির্ধারিত কাজ নয় মাসের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাসিক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "শিক্ষা খাতের জন্য বছরের বরাদ্দ করা অর্থের ব্যয় ও নির্ধারিত কাজ নয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। জনগণের ট্যাক্সের প্রতিটি টাকা সঠিকভাবে ব্যয় করুন।"
একই সঙ্গে তিনি আবারও দূর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "নিয়ম-নীতির মধ্যে যার যার কাজটি যথাসময়ে সঠিকভাবে করতে হবে। সঠিক পথে চলতে অক্ষম হলে যার যার নিজের পথ দেখুন।"
শিক্ষা পরিবারের বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারিকে সৎ ও দক্ষ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন "কতিপয় লোকজনের অপকর্মের জন্য দুর্নীতি প্রতিরোধের উদ্যোগ নিতে হচ্ছে।
তিনি বলেন, "কারও আর্থিক বছর ১২ মাসে, কারও বছর ১৮ মাসে। আমাদের শিক্ষা পরিবারের আর্থিক বছর হবে নয় মাসে। এ সময়ের মধ্যেই আর্থিক বরাদ্দ যথাযথভাবে ব্যয় করতে হবে। তবে আর্থিক ব্যয় মূল কথা নয়, মূল কথা হলো বরাদ্দ অর্থের কাজটি সঠিকভাবে সম্পন্ন করা। এটি করা সম্ভব হলে অর্থ মন্ত্রণালয় থেকে পূনঃবরাদ্দ নিয়ে আরও কাজ করা যাবে।"
তিনি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারিকে নিজ দায়িত্বকে মহৎ কর্ম হিসেবে নিয়ে এর মধ্যে গর্ব খোঁজার আহবান জানান ।
ভারপ্রাপ্ত শিক্ষা সচিব উজ্জ্বল বিকাশ দত্তসহ শিক্ষা মন্ত্রণালয়, অধীনস্থ দপ্তরের প্রধান ও প্রকল্প পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএইচ/১৮০৪ ঘ.
bdnews24