চাঁদপুর, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বাড়ায় চাঁদপুর শহরের ডাকাতিয়া তীরবর্তী ইচলীঘাট, মতলব দক্ষিণ এবং মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদী তীরবর্তী নিুাঞ্চল প্লাবিত হয়েছে।
ডুবে গেছে মতলব দক্ষিণ উপজেলার ফেরিঘাটের গ্যাংওয়ে। এতে মতলব উত্তর ও দক্ষিণের মধ্যে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়ন্ত্রণ কক্ষের প্রধান করণিক নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় চাঁদপুর পয়েন্টে মেঘনার পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার এবং ডাকাতিয়ার পানি ২১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল।
পাউবো'র নির্বাহী প্রকৌশলী জীবনকৃষ্ণ দাস জানান, মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও চাঁদপুরে নিুাঞ্চল প্লাবিতে হওয়ার খবর পাওয়া যায়নি।
মতলব দক্ষিণ ফেরিঘাট এলাকার ব্যবসায়ী মো. লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু'দিন ধরে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাটের গ্যাংওয়েটি ডুবে গেছে। এ কারণে ধনাগোদা নদী পারাপার বন্ধ হয়ে গেছে। তাই এ রুট দিয়ে মতলব দক্ষিণের সঙ্গে মতলব উত্তরের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ইট ফেলে গ্যাংওয়েটি উঁচু করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মেঘনা ও ধনাগোদা নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির উঠান পানিতে তলিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪১ ঘ.
bdnews24