২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা আইনে বিডিআরের বিচার সম্ভব নয়, মত টিএইচ খানের

সেনা আইনে বিডিআর জওয়ানদের বিচার করা যায় না বলে মত জানিয়েছেন এমিকাস কিউরিয়া টি এইচ খান। বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে কি না, সে মতামত চেয়ে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের শুনানিতে তিনি এ মত প্রকাশ করেন। এ হত্যাকাণ্ডের বিচার দণ্ডবিধিতে করতে কোন অসুবিধা নেই বলেও অভিমত দিয়েছেন তিনি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 07:14 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা আইনে বিডিআর জওয়ানদের বিচার করা যায় না বলে মত জানিয়েছেন এমিকাস কিউরিয়া টি এইচ খান। বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে কি না, সে মতামত চেয়ে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের শুনানিতে তিনি এ মত প্রকাশ করেন। তবে সেনা আইনে বিডিআর সদস্যদের বিচারের পক্ষে মত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার শুনানিতে অপর এমিকাস কিউরিয়া রফিক উল হকও বক্তব্য রাখেন। তবে তার বক্তব্য শেষ হওয়ার আগেই শুনানির প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। শুনানিতে আদালতে সহায়তা করার জন্য নিয়োগ পাওয়া ১০ এমিকাস কিউরিয়ার অন্যতম টি এইচ খান বলেন, "প্রতিটি বাহিনী তার নিজস্ব আইনে চলে। ওই আইনে তাদের অপরাধের বিচার হয়। "সেনা আইনে বলা আছে, কোনও অপরাধ করলে সেনা সদস্যদের সেনা আইনে বিচার করা যাবে। কিন্তু ওই আইনে বিডিআর সদস্যদের বিচার করা সম্ভব নয়। কারণ তারা সৃশৃঙ্খল বাহিনীর আওতায় পড়ে না। তারা আলাদা বাহিনী।" তিনি বলেন, "সেনাবাহিনীর যারা অপরাধ করে তাদের কোর্ট মার্শালে বিচার করা যায়। কিন্তু বিডিআর জওয়ানদের কোর্ট মার্শালে বিচার করা যায় না।" টি এইচ খান আরও বলেন, "কোন পক্ষ নিয়ে বক্তব্য রাখছি না। আদালতের মর্যাদা রক্ষার জন্য বলছি, সেনা আইনে বিডিআর সদস্যদের বিচার করা যাবে না। কারণ বিডিআরের আলাদা আইন রয়েছে।" তিনি বলেন, সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করেও সেনা আইনে বিডিআর সদস্যদের বিচার করা সঠিক হবে না। টি এইচ খান আরও বলেন, সেনা আইনে তাদের বিচার করার প্রশ্নই ওঠেনা। কম্বোডিয়া ও যুগোস্লাভিয়ায় এ ধরণের চেষ্টা হয়েছে। কিন্তু সে চেষ্টা সফল হয়নি। তিনি বলেন, "আমি এখনও বলছি, সংসদে যাও। বিডিআর আইন সংশোধন কর। সংসদে তো নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।" টি এইচ খান বলেন, এ হত্যাকাণ্ডের বিচার দণ্ডবিধিতে করতে কোন অসুবিধা নেই। বিডিআর আইনের শাস্তি অপ্রতুল। অবসরপ্রাপ্ত বিচারপতি খান বলেন, "এ রেফারেন্সের উদ্দেশ্য হলো কোর্ট মার্শালে বিডিআর সদস্যদের বিচার করা। কিন্তু রেফারেন্সে কোর্ট মার্শালের বিষয়টি উহ্য রাখা হয়েছে। প্রজ্ঞাপন জারি করেও বিডিআর জওয়ানদের সেনা আইনে বিচার করা যাবে না।" তিনি বলেন, "বিডিআর আইনে বিদ্রোহের শাস্তি সর্বোচ্চ ৭ বছর। আগামী ৭ সেপ্টেম্বর সংসদ অধিবেশন বসছে। সরকার ইচ্ছে করলে বিডিআর আইন ও সংবিধান সংশোধন করতে পারে।" ব্যারিস্টার রফিক-উল-হক বলেন, "রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছ থেকে আইনগত মতামত চাইতে পারেন। কিন্তু এক্ষেত্রে আইনের প্রশ্ন আসে না। রাষ্ট্রপতি যেহেতু একটি রেফারেন্স পাঠিয়েছেন আদালত তাতে মতামত দিতে বাধ্য।" বিভিন্ন সময়ে পাকিস্তান, ভারত, ও বাংলাদেশের রাষ্ট্রপতির পাঠানো বিভিন্ন রেফারেন্সের নজির তুলে ধরে তিনি বলেন, "১৯৯৫ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি এক রেফারেন্স পাঠিয়েছিলেন। ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্যদের আসন শূন্য হয় কিনা, সে বিষয়ক রেফারেন্স ছিল সেটি। "ওই রেফারেন্সে যে ৬ জন এমিকাস কিউরিয়া ছিলেন, যার মধ্যে আমিসহ তিনজন জীবিত রয়েছে। বাকি দুজন হলেন ড. কামাল হোসেন ও খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ।" ব্যারিস্টার হক বলেন, "রেফারেন্সের ওপর আপিল বিভাগ যে মতামত দেয় তা কোনও আদালত মানতে বাধ্য নয়। তবে ইদানীং প্রথা হচ্ছে, এ মতামত নিম্ন আদালত মানতে বাধ্য থাকে। তবে উচ্চ আদালতও এ মতামত উপেক্ষা করে না।" প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল সাড়ে ৯টার দিকে শুনানি শুরু হয়। দুপুর দেড়টায় প্রথমদিনের শুনানি শেষ হয়। রফিক উল হক বুধবার তার বাকি বক্তব্য রাখবেন। সকালে শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রেফারেন্সটি উপস্থাপন করেন। শুনানির বিরতিতে দুপুর ১২টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, "অ্যাটর্নি জেনারেল হিসেবে আমার মূল দায়িত্ব হলো রেফারেন্সটি আদালতে তুলে ধরা। আমি তা আদালতে উপস্থাপন করেছি। "বিডিআর অর্ডার ও আর্মি এ্যাক্টের (সেনা আইনের) সংশ্লিষ্ট বিধান তুলে ধরেছি আমি।" মাহবুবে আলম বলেন, "সেনা আইনে কারা অন্তর্ভুক্ত হবে, সেনাবাহিনীর কারা সেনা আইনে বিচারের আওতায় আসবে এবং সেনা বাহিনীর সদস্য না হলেও কাদেরকে সেনা আইনের অধীনে আনা যায় এসব বিষয় আদালতে তুলে ধরেছি। "এছাড়া যারা সেনা বাহিনীর সদস্য নয় তাদেরকেও প্রজ্ঞাপন দিয়ে সেনা আইনের আওতায় আনা যায়।" বিডিআর সদস্যদের বিচারের ক্ষেত্রে সেনা আইন প্রয়োগ করা যায় কিনা অথবা সেনা আইন প্রয়োগ করা না গেলে প্রজ্ঞাপন জারি করে তাদেরকে এ আইনের আওতায় আনা যায় কিনা সে বিষয়ে রেফারেন্সে মতামত চাওয়া হয়েছে বলে অ্যাটর্র্নি জেনারেল জানান। তিনি জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা ঢাকার একটি মামলায় ১ হাজার ৭৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার বাইরে দায়ের করা ৪০টি মামলায় এক হাজার ৭শ' ২১ জন বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। মোট সাড়ে তিন হাজার ব্যক্তি এ ঘটনায় বিচারের আওতায় রয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এর মধ্যে আবার বিডিআর'র ২৬ জন সহকারী পরিচালক ও উপ সহকারী পরিচালক রয়েছেন। ৯১ জন বিডিআর'র বেসামরিক কর্মচারী এবং ২৬ বেসামরিক ব্যক্তি। এ শুনানিতে আদালতকে সহায়তার জন্য আপিল বিভাগ গত ১৯ আগস্ট ১০ সিনিয়র আইনজীবীকে এমিকাস কিউরিয়া নিয়োগ করে। অপর এমিকাস কিউরিয়ারা হলেন- কামাল হোসেন, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ১৭ আগস্ট বিডিআর রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান। বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা রেফারেন্সে সে ব্যাপারে আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছে। আরো জানতে চাওয়া হয়েছে যদি সেনা আইনে না করা যায়, সেক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জড়িতদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা। গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়। গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৪৪৫ ঘ.