কুমিল্লা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাসের অদূরে নাজিরাবাজার এলাকায় সোমবার সকালে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে এফবিসিসিআই নেতা এবং বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য রেদোয়ান কবীর (৪৫) মারা গেছেন।
দুর্ঘটনায় তার গাড়ির চালক মনির আহম্মদও (৪০) মারা গেছেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টায় নাজিরাবাজার এলাকায় ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে রেদোয়ান কবীর এবং তার গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। তারা প্রাইভেটকারে করে চট্টগ্রামের মিরসরাই থেকে ঢাকা যাচ্ছিলেন।
ওসি জানান, দুর্ঘটনার পর পুলিশ দুজনের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৭ ঘ.
bdnews24