ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্র অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে দুটি কোম্পানিকে তিনটি ব্লক বরাদ্দ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এ তিনটি ব্লক হচ্ছে- ৫, ১০ ও ১১। এর মধ্যে ৫ নম্বর ব্লক পেয়েছে তাল্লো এবং ১০ ও ১১ নম্বর পেয়েছে কনোকো ফিলিপস।
তাল্লো অয়েল ইউরোপের অন্যতম বৃহত্তম তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি। অন্যদিকে কনোকো ফিলিপস্ যুক্তরাষ্ট্রের এ ধরণের তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান।
তবে কোম্পানি দু'টি ব্লকগুলোর বিরোধপূর্ণ এলাকায় অনুসন্ধান কাজ চালাতে পারবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক সভায় সোমবার এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।
সভার পর আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের ২৩টি ব্লকের মধ্যে কমিটি তিনটির ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের প্রস্তাব অনুমোদন করার কথা জানান।
এতগুলো ব্লকের মধ্যে মাত্র তিনটি বরাদ্দের কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী জানান, সমুদ্র অঞ্চলের নয়টি ব্লকের মধ্যে তিনটি দেওয়া হয়েছে। দু'টির বেশি ব্লক কোন কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়নি।
মন্ত্রী বলেন, ওই দুটি কোম্পানির পক্ষ থেকে পাঠানো প্রস্তাব পরীক্ষা করে তাদের বরাদ্দ দেওয়ার মতো বিবেচনা বলে করা হয়েছে। এজন্য তিনটি ব্লক দু'টি কোম্পানীকে ভাগ করে দেওয়া হয়েছে।
ব্লক বরাদ্দ অনুমোদনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "এ দুটি কোম্পানিকে ডেকে আলোচনা করার জন্য খনিজ সম্পদ মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে। ব্লকের যেসব এলাকা নিয়ে মিয়ানমার ও ভারতের সঙ্গে বিরোধ রয়েছে, সেসব অঞ্চলে অনুসন্ধান করা যাবে না- এ বিষয়টি মন্ত্রণালয় তাদের জানিয়ে দেবে। এ শর্তেই এসব বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি জানান, অগভীর ব্লকগুলো থেকে চার বছরের মধ্যে এবং গভীর ব্লকগুলো থেকে পাঁচ বছরের মধ্যে ফলাফল পাওয়া যাবে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আশা প্রকাশ করে বলেন, "নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা কাজ শেষ করতে পারবো।"
সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে দীর্ঘ ২৬ বছর ও মিয়ানামারের সঙ্গে
২২ বছর পর আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক ফোরামেও এসব নিয়ে আলোচনা চলছে।
ইউরিয়া আমদানির প্রস্তাব অনুমোদন
এর আগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দুটি প্রস্তাবে এক লাখ ৫০ হাজার টন করে মোট তিন লাখ ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। এজন্য সরকারের মোট ব্যয় হবে ৬০৭ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৭৫ টাকা।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও জ্বালানি সচিব মোহাম্মদ মহসীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভাগুলোতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/এসকে/১৯১৪ঘ.
bdnews24