২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে অপহৃত রাবার বাগানের কর্মকর্তা নয়দিন পর উদ্ধার

বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্ত এলাকা থেকে সোমবার ভোরে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত রাবার বাগানের কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। ঘটনার নয়দিন পর হেফাজাতুর রহমান (২৮) নামের এ কর্মকর্তাকে উদ্ধার করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

বান্দরবান, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্ত এলাকা থেকে সোমবার ভোরে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত রাবার বাগানের কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। ঘটনার নয়দিন পর হেফাজাতুর রহমান (২৮) নামের এ কর্মকর্তাকে উদ্ধার করা হল। হেফাজেতুর রহমান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার সৈয়দ আহমদের ছেলে। গত সপ্তাহের শনিবার রাতে বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারীর পিএইচপি রাবার বাগানের সুপারভাইজার হেফাজেতুর রহমান এবং মহিউদ্দিনের রাবার বাগানের কর্মচারী নাজের মিয়াকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরণ করে। অপহরকারীরা পিএইচপি রাবার বাগানের ব্যবস্থাপক রইস উদ্দিনের কাছে মোবাইল ফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তা কমিয়ে ৩ লাখ টাকা পর্যন্ত করা হয়। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সোমবার ভোরে অপহরণকারীরা হেফাজেতুর রহমানকে নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী উপজেলা আলীকদমের সীমান্তে ছেড়ে দেয়। তিনি এখন নাইক্ষ্যংছড়ি পুলিশের তত্ত্বাবধানে রয়েছেন।'' ওসি জানান, তাকে উদ্ধারে সেনাবাহিনী, বিডিআর ও পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের মুখে অপহরণের তিনদিন পর মঙ্গলবার নাইক্ষ্যংছড়ির পাথুই হেডম্যান পাড়ায় নাজের মিয়াকে ছেড়ে দেওয়া হয়। পরদিন অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে বিডিআর বাইশারীর বাদুরঝিরি এলাকা থেকে অংসাই চাক (২৮) ও মংওয়াই চাক নামে দুই ব্যক্তিকে আটক করে। তিনি জানান, বৃহস্পতিবার হেফাজেতুরের বাবা সৈয়দ আহমদ বাদী হয়ে আটক দুজনসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অপহরণ মামলা করেন। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ শনিবার গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে বান্দরবান জেলা কারাগারে পাঠায়। ওসি দাবি করেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অপহরণকারীদের আত্মীয়-স্বজনকে চাপ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে হেফাজাতুরকে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো মুক্তিপণ দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন। তবে তিনি অপহরণকারীদের পরিচয় জানাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২০ ঘ.