২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত

রাজধানীর সূত্রাপুর এবং পাবনার ফরিদপুর উপজেলায় সোমবার র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী দলের নেতাসহ দুজন নিহত হয়েছেন। সূত্রাপুরে নিহতের নাম মো. মাসুদ (২৬) ওরফে দাউট্টা মাসুদ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে কমপক্ষে দুটি হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 07:34 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর সূত্রাপুর এবং পাবনার ফরিদপুর উপজেলায় সোমবার র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী দলের নেতাসহ দুজন নিহত হয়েছেন। সূত্রাপুরে নিহতের নাম মো. মাসুদ (২৬) ওরফে দাউট্টা মাসুদ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে কমপক্ষে দুটি হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। পাবনার ফরিদপুরে নিহত হয়েছেন পাবনা কেন্দ্রিক চরমপন্থী দল 'বাহিনী'র অন্যতম শীর্ষ নেতা আতিকুল ইসলাম ওরফে আতিক (৪০)। তার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় চারটি হত্যা মামলাসহ ১০টিরও বেশি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) এবিএম এনামুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুদ ভোররাত পৌনে ৪টার দিকে জুরাইন কবরস্থানের উত্তর গেটে র‌্যাবের একটি টহল গাড়িকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে মাসুদ ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, ১৩ রাউন্ড গুলি এবং ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে বলে জানান এএসপি এনামুল। শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, মাসুদের বিরুদ্ধে শ্যামপুর থানায় দু'টি হত্যাসহ চারটি মামলা রয়েছে। এছাড়া কদমতলী, সূত্রাপুর, জয়দেবপুর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ নিয়ে গত তিন মাসে রাজধানীতে র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' অন্তত ১২ জন নিহত হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি জানান, ফরিদপুর উপজেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ভোরে চরমপন্থী দল 'বাহিনী'র অন্যতম শীর্ষ নেতা আতিক নিহত হয়েছেন। আহত হন র‌্যাব ও পুলিশের চার সদস্য। আতিক ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের বাদাল গ্রামের খোরশেদ সরদারের ছেলে। পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নিবাস চন্দ্র মাঝি ও র‌্যাবের সহকারী পরিচালক ফ্লাইট লে. আহমেদ ফয়সল জানান, বাদাল গ্রামে 'বাহিনী'র সদস্যদের বৈঠকে বসার খবর পেয়ে ভোর ৩টার দিকে র‌্যাব ও পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তখন চরমপন্থীরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। এসপি নিবাস চন্দ্র বলেন, "এতে ঘটনাস্থলে আতিক নিহত হন। আহত হন র‌্যাব ও পুলিশের চার সদস্য। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।" তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, দুই রাউন্ড গুলি ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আতিকের বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় চারটি হত্যা মামলাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে বলেও জানান এসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এমইউএস/আরএ/এজে/এইচএ/১৭০০ ঘ.